দিনাজপুরের ছয়টি সংসদীয় আসনে ৮৪৪টি ভোট কেন্দ্রে নির্বাচনের সরঞ্জাম বিতরণ করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) প্রিজাইডিং কর্মকর্তারা সরঞ্জাম গ্রহণ করেন।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. জিলহাস উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সকাল ১০টা থেকে দুপুর দুটা পর্যন্ত জেলার ৬টি সংসদীয় আসনে ১৩টি উপজেলা নির্বাচন কার্যালয় থেকে নির্বাচনে ভোটগ্রহণে উপকরণগুলো প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে বিতারণ করা হয়েছে।ভোটগ্রহণে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের তাদের কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূর-ই আলম সিদ্দিকী জানান, নির্বাচন উপলক্ষে জেলায় ১৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ৫৫জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া ২ হাজার ৩৮৪ জন পুলিশ সদস্য, প্রায় ১৬ হাজার আনসার সদস্য ২৭ প্লাটুন বিজিবি সদস্য ১৩'টি উপজেলার প্রত্যেকটিতে একটি করে র্যাব সদস্যদের টহল টিম,এবং ১৩ প্লাটুন সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী, বিজিবি ও র্যাব সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন এবং জেলার ৬'টি সংসদীয় আসনের ৮৪৪টি ভোটকেন্দ্রে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবেন।
জেলা প্রশাসন জানায়, জেলার ৮৪৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৩৯টি ভোট কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সবগুলো ভোটকেন্দ্রে স্থাপন করা হয়েছে সিসি টিভি ক্যামেরা। ভোট গ্রহণসহ সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত হবে।
বিডি প্রতিদিন/কামাল