ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। ইতোমধ্যে উপজেলার ৭৪টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। ভোটকেন্দ্রের দায়িত্ব বুঝে নিয়েছেন প্রিজাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। উপজেলাজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। টহল অব্যাহত রেখেছে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবির টহল টিম।
জানা যায়, বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্বাচনী বিশেষ ব্রিফিং দেওয়া হয়। পরে তাদের সমন্বয়ে প্রিজাইডিং অফিসারদের কাছে দলীয় ভোটের জন্য সাদা ব্যালট, গণভোটের জন্য গোলাপি ব্যালট পেপার, অমোচনীয় কালি, ভোটার তালিকা ও স্বচ্ছ ব্যালট বাক্স বুঝিয়ে দেওয়া হয়। এসব সরঞ্জাম গ্রহণ করে তারা গাড়িযোগে নিজ নিজ ভোটকেন্দ্রে যাত্রা করেন।
আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে নিয়োজিত রয়েছেন সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা। দায়িত্ব পালন করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও। পুরো নির্বাচন প্রক্রিয়া সমন্বয়ের জন্য রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। সেখান থেকে উপজেলার সব ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হবে।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা উম্মে কুলসুম রুবি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে ভোট গ্রহণের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/মাইনুল