প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। তার মধ্যে শুধু জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অধীন দপ্তর ও সংস্থাগুলোতে শূন্য পদের বিপরীতে ২ হাজার ৮৭৯ জন লোক নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে। তিনি বলেন, প্রতিরক্ষাব্যবস্থা সুদৃঢ় রাখতে আধুনিক করা হচ্ছে সশস্ত্র বাহিনীকে। ইরানসহ মধ্যপ্রাচ্যে যুদ্ধ সংকটে বিদ্যমান পরিস্থিতিতে ইউরোপসহ সাতটি দেশে বিকল্প নতুন শ্রমবাজার সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি জনগণকে ই-হেলথ কার্ড দেওয়াসহ বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপালের কার্যক্রম শুরু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ১৪তম দিনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর-পর্বে বিভিন্ন সংসদ সদস্যের প্রশ্নের লিখিত জবাবে তিনি এসব কথা বলেন। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।
প্রধানমন্ত্রী বলেন, সারা দেশে শহর ও গ্রাম অঞ্চলে খেলার মাঠ নির্ধারণ ও অবকাঠামো উন্নয়নে কর্মকৌশল নির্ধারণে কেন্দ্রীয় পর্যায়ে গঠিত কমিটি কাজ করছে। প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় যথাক্রমে ৮ বিঘা ও ১০ বিঘা করে উন্মুক্ত খেলার মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে। হাইটেক-সফটওয়্যার পার্ক ও আইসিটি সেন্টারসমূহ কার্যকরভাবে পরিচালনার জন্য এবং বাংলাদেশে পেপালের কার্যক্রম আরম্ভে কার্যকর উদ্যোগ গ্রহণে একটি কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, বিএনপির নির্বাচনি ইশতেহারকে প্রাধান্য দিয়ে বেতন কাঠামোর আওতায় জাতীয় ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া ভাতা চালু করা হয়েছে। প্রাথমিকভাবে ৫০০ জন ক্রীড়াবিদকে এই ভাতার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে, যার মধ্যে প্রথম ধাপে ১২৯ জন ক্রীড়াবিদকে ভাতা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ল্যাংগুয়েজ স্টুডেন্ট ভিসায় বিদ্যমান জামানতবিহীন ঋণসীমা ৩ লাখ থেকে ১০ লাখ টাকায় উন্নীত করা হয়েছে। জাপানগামী শিক্ষার্থীদের জন্য ভিসাপ্রাপ্তির আগেই সার্টিফিকেট অব ইলিজিবেলিটির ভিত্তিতে এ ঋণ দেওয়া সহজ করা হয়েছে।
প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় রাখতে আধুনিক হচ্ছে সশস্ত্র বাহিনী : সংসদ সদস্য আল ফারুক আবদুল লতীফের এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার প্রতিরক্ষাব্যবস্থা সুদৃঢ় রাখতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করতে যাচ্ছে। এ জন্য সশস্ত্র বাহিনীকে বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন, কলেবর বৃদ্ধি, আধুনিকায়ন ও প্রশিক্ষণের উন্নয়নসহ আধুনিক, দক্ষ এবং সময়োপযোগী শক্তিতে রূপান্তর করার নানাবিধ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নির্বাচনি ইশতেহারের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপির ২০২৬ সালের নির্বাচনি ইশতেহারে সশস্ত্র বাহিনীকে মডার্ন, কুইক, সেলফ কনটেইন্ড, রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে থাকা এবং সমন্বিত প্রতিরক্ষা সক্ষমতা সম্পন্ন বাহিনী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কারণ বর্তমান নিরাপত্তা বাস্তবতায় সরকার শুধু প্রচলিত অস্ত্র সংযোজনেই সীমাবদ্ধ থাকতে চায় না। বরং সাইবার স্পেস, তথ্যযুদ্ধ, ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা, উপকূলীয় নিরাপত্তা, জ্বালানি অবকাঠামো সুরক্ষা এবং আন্তবাহিনী সমন্বয়ের মতো নতুন ক্ষেত্রেও সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছে। এক্ষেত্রে বিমানবাহিনীতে ৪.৫ প্রজন্মের আধুনিক যুদ্ধবিমান সংযোজনের কথাও গুরুত্ব পাচ্ছে। পাশাপাশি প্রশিক্ষণ, পেশাগত দক্ষতা, কল্যাণ, অবসরোত্তর মর্যাদা এবং ওয়ান র্যাংক ওয়ান পারশন ওয়ান পেনশনের মতো বিষয় বিবেচনায় নিয়ে একটি আধুনিক, জ্ঞানভিত্তিক, প্রযুক্তিমুখী ও জনআস্থাসম্পন্ন সশস্ত্র বাহিনী গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য।
ইউরোপসহ সাত দেশে বিকল্প নতুন শ্রমবাজার সম্প্রসারণের উদ্যোগ : সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিনের এক প্রশ্নের লিখিত জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ইরানসহ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে বিকল্প নতুন শ্রম বাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ইউরোপের বিভিন্ন দেশ যেমন- সার্বিয়া, গ্রিস, নর্থ মেসিডোনিয়া, রোমানিয়া, পর্তুগাল, ব্রাজিল, রাশিয়া ইত্যাদি নতুন দেশসমূহে বিকল্প শ্রমবাজার সম্প্রসারণে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মধ্যপ্রাচ্যের বাইরে কর্মী নিয়োগকারী বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার লক্ষ্যে উচ্চপর্যায়ের সফরের ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশ দূতাবাসসমূহকে শ্রমবাজার অনুসন্ধানপূর্বক বাংলাদেশি কর্মীর পেশাভিত্তিক চাহিদা নিরূপণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। বিদেশে বাংলাদেশ মিশনের সুপারিশ মোতাবেক প্রয়োজন অনুসারে দেশভিত্তিক স্থানীয় লবিস্ট/ বিশেষজ্ঞ ফার্ম নিয়োগ করা হবে। মালয়েশিয়া শ্রমবাজার উন্মুক্তকরণের জন্য কাজ চলছে। থ্যাইল্যান্ডে শ্রম বাজার খোলার বিষয়ে সে দেশে কর্মী নিয়োগ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে।
জাপানে বাংলাদেশি কর্মীদের ব্যাপক চাহিদা থাকায় সে দেশে কর্মী প্রেরণের হার বৃদ্ধির জন্য জাপানিজ ভাষা ও স্কিল ট্রেনিং-এর পরিধি বাড়ানো হয়েছে। ৫৩টি টিটিসিতে জাপানিজ ভাষা প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। তাছাড়া, জাপানিজসহ রাশিয়া, আরবি, জার্মান, ইতালিয়ান ভাষার প্রশিক্ষক নিয়োগ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে, বিভিন্ন ভাষার ৪১ জন প্রশিক্ষক নিয়োগ প্রদান করা হয়েছে।
দেশে পেপাল চালু করতে উদ্যোগ নেওয়া হয়েছে : হাইটেক পার্ক ও আইসিটি সেন্টারগুলোর কার্যকর পরিচালনা এবং দেশে পেপালের কার্যক্রম চালু করতে ইতোমধ্যেই একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপালের কার্যক্রম শুরু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগেও বিভিন্ন সময়ে বাংলাদেশে কার্যক্রম পরিচালনার আগ্রহ প্রকাশ করেছে পেপাল। সর্বশেষ অন্তর্বর্তী সরকারের সময় এ বিষয়ে আগ্রহ দেখায় আন্তর্জাতিক এই প্রতিষ্ঠান। মূলত ফ্রিল্যান্সার, ই-কমার্স উদ্যোক্তা ও আইটি খাতে সহজ লেনদেন নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে পেপালের দক্ষিণ এশিয়া (সিঙ্গাপুরভিত্তিক) টিম বাংলাদেশের ফ্রিল্যান্সার ও আইসিটি বিভাগের সঙ্গে বৈঠক করেছিল।
পেপাল বিশ্বের ২০০টিরও বেশি দেশে অনলাইনে টাকা পাঠানো-গ্রহণ, বিল পরিশোধ এবং আন্তর্জাতিক কেনাকাটার জন্য ব্যবহৃত একটি বিশ্বস্ত ডিজিটাল পেমেন্ট সার্ভিস।
ই-হেলথ কার্ড দেওয়ার উদ্যোগ : সংসদ সদস্য মো. শামসুর রহমান শিমুল বিশ্বাসের এক প্রশ্নের লিখিত জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকার জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় এই কার্ড দেওয়া হবে। প্রধানমন্ত্রী জানান, ‘ই-হেলথ কার্ড’ বিষয়ক একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ১৮০ দিনের কর্মসূচির আওতায় জনগণকে ‘ই-হেলথ কার্ড’ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রক্রিয়া চলছে : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান সংসদের প্রশ্নোত্তরে জানিয়েছেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এমআইএসে সংরক্ষিত সমন্বিত তালিকা অনুযায়ী দেশে বর্তমানে ১ লাখ ৯৮ হাজার ৩৭ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন। সরকারদলীয় এমপি এ এম মাহবুব উদ্দিন খোকনের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় মুক্তিযোদ্ধাদের জন্য বিভিন্ন ভাতার তথ্য তুলে ধরে বলেন, আপাতত তাদের সম্মানি ভাতা বাড়ানোর বিষয়টি সরকারের বিবেচনায় নেই। চুয়াডাঙ্গা-২ আসনের সদস্য মো. নুরুল আমিনের সম্পূরক প্রশ্নের জবাবে আহমেদ আযম খান আরও বলেন, ‘আপাতত উপজেলা পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের কোনো পরিকল্পনা সরকারের নেই। বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বছরই ৪ হাজার টাকা করে চিকিৎসার জন্য ভাতা দেওয়া হয় এবং যদি কোনো বীর মুক্তিযোদ্ধা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন স্বীকৃত হাসপাতাল থেকে আমরা এই মন্ত্রণালয় যখনই কোনো বিল পায়, মন্ত্রণালয় সেই বিলও পরিশোধ করে। তিনি আরও বলেন, কোনো গেজেটধারী মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অমুক্তিযোদ্ধা হিসেবে অভিযোগ পাওয়া গেলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল-জামুকার সদস্যদের সমন্বয়ে গঠিত উপকমিটি তদন্ত ও শুনানির মাধ্যমে তা যাচাইবাছাই করে। অমুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণিত হলে তাকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়ার সুপারিশ করা হয় বলেও জানিয়েছেন তিনি। মন্ত্রী বলেন, ২০২৪ সালের আগস্ট থেকে এ পর্যন্ত অমুক্তিযোদ্ধা-সংক্রান্ত ৮৪২টি অভিযোগের আবেদন জামুকায় পাঠানো হয়েছে। সেগুলোর যাচাইবাছাই ও তদন্ত শেষে ৪৮১ জনের গেজেট, লাল মুক্তিবার্তা বা ভারতীয় তালিকা বাতিল করা হয়েছে। জামুকা প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ১০৩টি সভার মাধ্যমে ৬ হাজার ৪৬৫ জনের গেজেট বাতিলের সুপারিশ করা হয়েছে বলেও সংসদকে জানিয়েছেন তিনি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সংক্রান্ত প্রশ্নোত্তরে মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, পদ্মা ও মহানন্দার পানি ব্যবহার করে বড় আকারের সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের প্রস্তাব জলবায়ু ট্রাস্ট ফান্ডের আওতায় করা সম্ভব হলে সেই প্রসেসটা নেওয়া হবে অবশ্যই। পর্যটন খাত নিয়ে নীলফামারী-১ ও মৌলভীবাজার-২ আসনের এমপিদের প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, দেশের পর্যটন সম্ভাবনাময় স্থানগুলো নিয়ে একটি মহাপরিকল্পনা করা হচ্ছে। সেটি চূড়ান্ত হলে কোথায় কী ধরনের অবকাঠামো গড়ে তোলা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কুলাউড়া নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, মৌলভীবাজার জেলাটা পর্যটনসমৃদ্ধ জেলা। কুলাউড়া যেহেতু একটি প্রধান প্রবেশপথ এবং পাহাড় ও হাওড়ের মিলনস্থল, তাই একে আমরা ট্যুরিস্ট হাব হিসেবে গণ্য করতে পারি। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করে দ্রুততম সময়ের মধ্যে আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রক্রিয়া চলছে। এজন্য বিশ্বের বিভিন্ন নামি এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী। সরকারদলীয় সংসদ সদস্য লুৎফুর রহমানের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম : স্পিকার
প্রশ্নোত্তর পর্বের এক পর্যায়ে টিপাইমুখ বাঁধ বাংলাদেশেরই, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদের অনুরোধে ভারত চালু করেছিল বলে জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এই যে টিপাইমুখ বাঁধ, এটি নিয়ে অনেক রাজনীতি হয়েছে। কিন্তু সত্য হচ্ছে, এটি বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদের অনুরোধেই ভারত চালু করার সুযোগ পেয়েছিল। আজ আমরা তার ফল ভোগ করছি। পানিসম্পদ মন্ত্রণালয়ের অভিজ্ঞতা থেকে বলছি, আমরা নিজেরা নিজেদের বিপদ ডেকে এনেছি।
বেশি দামে সার বিক্রির সুযোগ নেই : কৃষি মন্ত্রণালয়-সংক্রান্ত প্রশ্নোত্তরে বিরোধী দলের সংসদ সদস্য মুজিবুর রহমানের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, বিসিআইসি ডিলারদের বিরুদ্ধে বেশি দামে সার বিক্রির অভিযোগ পাওয়া যায়নি। তিনি বলেন, প্রতিটি সার ডিলারের বিক্রয় পয়েন্টে উপসহকারী কৃষি কর্মকর্তার উপস্থিতিতে বিক্রয় কার্যক্রম চলছে। প্রতিটি ডিলার পয়েন্টে দৃশ্যমান স্থানে সরকার নির্ধারিত সারের মূল্য তালিকা টানানো আছে। প্রকৃত কৃষক যাচাই করে ক্যাশ মেমোতে নাম, ঠিকানা ও মোবাইল নম্বর নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি দোকান পরিদর্শনের সময় দামসহ ক্যাশ মেমোতে থাকা তথ্যও যাচাই করা হচ্ছে। তাই বেশি মূল্যে সার বিক্রয় করার সুযোগ নেই। রাজবাড়ী-২ আসনের এমপির প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী আরও বলেন, পিঁয়াজ সংরক্ষণে পাংশা উপজেলায় ৫০৫টি, কালুখালীতে ২৬০টি এবং বালিয়াকান্দিতে ৪৯৫টি এয়ার ফ্লো মেশিন সরবরাহ ও স্থাপন করা হয়েছে। নতুন পদ্ধতিতে ৮ থেকে ৯ মাস পর্যন্ত পিঁয়াজ সংরক্ষণ সম্ভব, এতে অপচয় কমে ২ থেকে ৪ শতাংশে নেমে আসতে পারে। কৃষি উপকরণ বিশেষ করে সার ও কীটনাশক সরবরাহে কোনো ধরনের অনিয়ম করলে বা বাধা প্রদান করলে সংশ্লিষ্ট ডিলারের লাইসেন্স বাতিলসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তি যে রাজনৈতিক দলেরই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান কৃষিমন্ত্রী।
দুর্নীতি বন্ধে ভূমি মন্ত্রণালয়ের ১১ পদক্ষেপ : অন্যদিকে ভূমি অফিসে দুর্নীতি ও দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধে ভূমি মন্ত্রণালয় ১১টি সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়েছে বলে সংসদে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। এনসিপির সদস্য আখতার হোসেনের প্রশ্নের জবাবে তিনি বলেন, ই-নামজারি থেকে শুরু করে হটলাইন ১৬১২২ পর্যন্ত বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে ভূমি খাতের অনিয়ম কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। মন্ত্রী জানিয়েছেন, ভূমি অধিগ্রহণ এবং লিজ অ্যান্ড সেটেলমেন্ট ব্যবস্থাকেও সফটওয়্যারের আওতায় আনার কাজ চলছে। এই ডিজিটাল রূপান্তর সম্পন্ন হলে ভূমি খাতে দুর্নীতির সুযোগ ‘প্রায় শূন্যের কোঠায়’ নেমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। ভূমিসংক্রান্ত আরেক প্রশ্নের জবাবে মিজানুর রহমান মিনু বলেন, সারা দেশে ভূমিহীনদের পুনর্বাসনে সরকারি খাসজমি বরাদ্দ প্রক্রিয়া চলমান থাকলেও ঢাকা মহানগরের ক্ষেত্রে তা কার্যকর নয়। ঢাকা মহানগরের সমস্ত খাসজমি অকৃষি হওয়ায় তা ভূমিহীনদের মাঝে বরাদ্দ দেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।