গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সিটি করপোরেশনের হরিণাচালায় ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নির্মাণ কাজের উদ্বোধন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার।
পুলিশ কমিশনার জানান, আধুনিক ও যুগোপযোগী পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে কোনাবাড়ীর হরিনাচালা এলাকায় কোনাবাড়ী থানার নিজস্ব জমিতে নতুন এই ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবনটি নির্মিত হলে পুলিশ সদস্যদের জন্য উন্নত কর্মপরিবেশ নিশ্চিত হবে। পাশাপাশি সেবা প্রত্যাশী জনগণ দ্রুত, সহজ ও মানসম্মত পুলিশি সেবা গ্রহণ করতে পারবেন। বরাদ্দকৃত ৭৫ শতাংশ জমির ওপর নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনার জাহিদ হাসান ভূঁইয়া, এসএম শফিকুল ইসলাম, মো. আশরাফুল আলম, কোনাবাড়ী থানা বিএনপির সভাপতি মো. ইদ্রিস আলী সরকারসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কেএ