প্রবাসীদের স্বপ্নের আবাসন গড়ার পথে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর এবং সুযোগ-সুবিধা সম্পর্কে সচেতনতা বাড়াতে আগামী ১৬ মে নিউইয়র্কে অনুষ্ঠিত হবে ‘তৃতীয় রিয়েল এস্টেট এক্সপো’।
ইউনাইটেড স্টেট বাংলাদেশ-আমেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউএসবিসিসিআই)-এর উদ্যোগে কুইন্সের লাগোয়ার্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়ট হোটেলের বলরুমে দিনব্যাপী এ এক্সপো আয়োজন করা হয়েছে।
এক্সপোতে রিয়েল এস্টেট অ্যাটর্নি, ব্রোকার, হালাল পদ্ধতিতে ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট প্রশাসনের নীতিনির্ধারকেরা অংশ নেবেন। পাশাপাশি বিভিন্ন সেমিনার ও সিম্পোজিয়ামের আয়োজন থাকবে।
২২ এপ্রিল আয়োজিত সংবাদ সম্মেলনে এক্সপোর বিস্তারিত তুলে ধরেন ইউএসবিসিসিআই-এর প্রতিষ্ঠাতা-প্রেসিডেন্ট ও সিইও লিটন আহমেদ। তিনি জানান, গত দুই বছরে অংশ নেওয়া অধিকাংশ ভেন্ডার এবারও নিবন্ধন করেছেন, যা এই এক্সপোর কার্যকারিতার প্রমাণ। এছাড়া নতুন কয়েকটি প্রতিষ্ঠানও এবার অংশ নিচ্ছে।
তিনি আরও বলেন, বহুজাতিক সমাজে নতুন হওয়ায় অনেক বাংলাদেশি প্রবাসী এখানকার সুযোগ-সুবিধা সম্পর্কে যথেষ্ট অবগত নন। ফলে অনেক সময় তাদের স্বপ্ন বাস্তবায়নে বাধা সৃষ্টি হয়। এই এক্সপো সেই প্রতিবন্ধকতা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
লিটন আহমেদ জানান, এক্সপোতে অংশগ্রহণের জন্য কোনো টিকিট লাগবে না। সবার জন্য উন্মুক্ত এই আয়োজনে ৬০টির বেশি স্টল থাকবে, যেখানে ব্যাংক, বীমা, শরিয়া ব্যাংক ও খ্যাতনামা রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। অধিকাংশ প্রতিষ্ঠান আমেরিকান হলেও ব্যবস্থাপনায় বাংলাদেশি-আমেরিকানরা থাকায় প্রবাসীদের জন্য বিষয়গুলো বোঝা সহজ হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন আয়োজক সংস্থার পরিচালক শেখ ফরহাদ। তিনি নিউইয়র্কে বাংলা ভাষার গণমাধ্যমগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, গত দুই বছরে সাংবাদিকদের সহযোগিতায় কমিউনিটির মধ্যে এই উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে।
এসময় আরও বক্তব্য দেন ইউএসবিসিসিআই-এর পরিচালক আহাদ আহমেদ, ইসমাইল আহমেদ এবং এক্সপোর অন্যতম স্পন্সর ফাহিম হোসেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ