চীনের দক্ষিণাঞ্চলের হুনান প্রদেশে ৫১২ মিলিয়ন বছর আগের এক বিশাল জীবাশ্মভাণ্ডার আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। গবেষকদের মতে, এই জীবাশ্মগুলো পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রাচীন বড় গণবিলুপ্তিগুলোর একটি সম্পর্কে নতুন তথ্য দিচ্ছে। একই সঙ্গে সেই বিপর্যয়ের পর কীভাবে প্রাণীজগৎ আবার টিকে ছিল ও ঘুরে দাঁড়ায়, তা বুঝতেও সাহায্য করবে।
জীবাশ্মগুলোর নাম দেওয়া হয়েছে ‘হুয়াইউয়ান বায়োটা’। ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে একাধিক মাঠপর্যায়ের গবেষণায় হুনানের একটি পাথর খনি থেকে এগুলো উদ্ধার করা হয়।
গবেষণা অনুযায়ী, এই জীবাশ্মভাণ্ডারে ১৬টি প্রধান প্রাণীগোষ্ঠীর ১৫৩টি প্রজাতির অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে স্পঞ্জ, আর্থ্রোপড (যেমন পোকা-জাতীয় প্রাণীর আদিম দল) এবং রেডিওডন্ট নামের খণ্ডিত দেহের শিকারি প্রাণী। বিজ্ঞানীরা বলছেন, এসব জীবাশ্ম দেখে তখনকার সমুদ্রের খাদ্যশৃঙ্খল বেশ সুসংগঠিত ছিল বলে বোঝা যায়।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—এখানে পাওয়া ৯০টি প্রজাতি বিজ্ঞানের কাছে একেবারেই নতুন।
এই জীবাশ্মগুলো পাওয়া গেছে ‘সিনস্ক ইভেন্ট’ নামের এক গণবিলুপ্তির পরের সময়ের স্তর থেকে। ধারণা করা হয়, প্রায় ৫১৩.৫ মিলিয়ন বছর আগে সমুদ্রে অক্সিজেনের মাত্রা হঠাৎ কমে যাওয়ায় এই বিপর্যয় ঘটে এবং তখনকার ৪১–৪৯ শতাংশ সামুদ্রিক প্রজাতি বিলুপ্ত হয়।
গবেষকরা বলছেন, হুয়াইউয়ান বায়োটা সেই সময়ের একটি বড় তথ্যঘাটতি পূরণ করেছে। এতে বোঝা যাচ্ছে, গভীর সমুদ্রের পরিবেশ তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং তা অনেক প্রাণীর জন্য নিরাপদ আশ্রয় হিসেবে কাজ করতে পারে।
বিডিপ্রতিদিন/কবিরুল