কৃষি শিল্প বিকাশে আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। খাল খনন প্রকল্পে কোনো অনিয়ম সহ্য করা হবে না বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) ফরিদপুরের ভাঙ্গায় সকালে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, খাল খনন কর্মসূচির কথা উঠলেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা প্রথম মনে পড়েন। তিনি সাড়ে তিন বছরের শাসনামলে খাল কেটে দেশে কৃষি বিপ্লব ঘটিয়েছিলেন। দেশের খাদ্য সমস্যার সমাধান করেছিলেন। এর আগের সরকারের সময় দেশে দুর্ভিক্ষ হয়েছিল। দুর্নীতিতে দেশ ভরে গিয়েছিল।
উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেন, শহীদ জিয়ার আদর্শ ধারণ করে তার সুযোগ্য পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি বিপ্লব ঘটাতে পুনরায় খালকাটা কর্মসূচি হাতে নিয়েছেন। দেশে আবার কৃষি বিপ্লব শুরু হবে। নদী নালা খাল বিলে পানি থাকবে।
তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের পূর্বে দেওয়া ইশতেহার পূরণে কাজ করে যাচ্ছে। ক্ষমতা গ্রণণের কয়েক দিনেই ফ্যামিলি কার্ড, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিতদের মাসিক সম্মানীর ব্যবস্থা করা হয়েছে। পহেলা বৈশাখ থেকে কৃষি কার্ড বিতরণ শুরু হবে। আমরা দ্রুত গতিতে আমাদের নির্বাচনী অঙ্গীকার পূরণ করার চেষ্টা করব।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। এসময় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কামাল