নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে হাতাহাতি ও মারামারির ঘটনায় বাবুল মিয়া (৬২) নামের এক কৃষিশ্রমিক নিহত হয়েছেন।
রবিবার সকালে উপজেলার খারনৈ ইউনিয়নের বরদল গ্রামের ধানক্ষেতে এ ঘটনা ঘটে। নিহত বাবুল মিয়া ওই গ্রামের মৃত সোনাহর মিয়ার ছেলে। তিনি পেশায় কৃষিশ্রমিক হিসেবে ধান কাটার মেশিনে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০-২৫ দিন আগে ধান কাটার শ্রমের মজুরি বাবদ ১০ থেকে ১৫ হাজার টাকা পাওনা ছিল একই গ্রামের হাবিবুর রহমানের কাছে।
ঘটনার দিন সকালে বাবুল মিয়ার ছেলে মো. সিরাজুল ইসলাম পাশের একটি জমিতে শ্রমিক হিসেবে ধান কাটার কাজ করছিলেন। এ সময় হাবিবুর রহমানের সঙ্গে তার দেখা হলে তিনি পাওনা টাকা চান। একপর্যায়ে এ নিয়ে কথা কাটাকাটি শুরু হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ অনুযায়ী, এ সময় হাবিবুর রহমানের সঙ্গে থাকা সাদ্দাম, মোস্তাকিম ও মোজাকিমসহ কয়েকজন সিরাজুল ইসলামকে মারধর শুরু করেন। ছেলেকে মারধর করতে দেখে বাবুল মিয়া বাঁচাতে গেলে তাকে মাটিতে ফেলে বুকে উপর্যুপরি কিল-ঘুষি মারা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুল মিয়াকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি আবুল হাসেম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। পারিবারিক বিরোধ ছিল। লাশের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। মামলা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/এমএল