গ্রুপ পর্বে টানা তিন জয় তুলে নিয়ে দাপটের সঙ্গে বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে শেষ ৩২-এ অভিষিক্ত কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে শুরুর একাদশ নিয়ে কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন কোচ লিওনেল স্কালোনি।
‘জে’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারায় আর্জেন্টিনা। ওই ম্যাচে বিশ্রামে ছিলেন অধিনায়ক লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে গোলও করেন তিনি। ফলে কেপ ভের্দের বিপক্ষে নকআউট ম্যাচে মেসির প্রথম একাদশে ফেরাটা প্রায় নিশ্চিত।
মেসির পাশাপাশি রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের জায়গাও একাদশে অনেকটাই নিশ্চিত। তবে রক্ষণ ও আক্রমণভাগের কয়েকটি পজিশন নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি স্কালোনি।
সবচেয়ে বড় অনিশ্চয়তা সেন্টার-ব্যাক পজিশনে। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে ডান হাঁটুতে চোট পান ক্রিস্টিয়ান রোমেরো। একই সমস্যার কারণে জর্ডানের বিপক্ষে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। যদিও সর্বশেষ অনুশীলনে সতীর্থদের সঙ্গে পুরোদমে অংশ নিয়েছেন এই ডিফেন্ডার।
তবু কোনো ঝুঁকি নিতে না চাইলে লিসান্দ্রো মার্তিনেজের সঙ্গে নিকোলাস ওতামেন্দিকে রক্ষণভাগে খেলাতে পারেন স্কালোনি।
লেফট-ব্যাক পজিশনেও রয়েছে প্রতিযোগিতা। প্রস্তুতি ম্যাচে চোট পাওয়ায় প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি নিকোলাস তাগলিয়াফিকো। তার পরিবর্তে দায়িত্ব সামলান ফাকুন্দো মেদিনা। তবে জর্ডানের বিপক্ষে পুরো ম্যাচ খেলায় কেপ ভের্দের বিপক্ষে তাগলিয়াফিকোর একাদশে ফেরার সম্ভাবনাই বেশি।
সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে আক্রমণভাগে। মেসির সঙ্গী হিসেবে কে খেলবেন, হুলিয়ান আলভারেজ নাকি লাউতারো মার্তিনেজ। সেই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।
বিশ্বকাপের আগে থেকেই নকআউট পর্বে আলভারেজকে মূল স্ট্রাইকার হিসেবে খেলানোর পরিকল্পনা ছিল স্কালোনির। কিন্তু গোড়ালির চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না কোচিং স্টাফ।
অন্যদিকে, সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে রয়েছেন লাউতারো মার্তিনেজ। ধারাবাহিক গোল করার কারণে আত্মবিশ্বাসী এই ফরোয়ার্ডই শেষ পর্যন্ত মেসির সঙ্গী হিসেবে শুরুর একাদশে জায়গা পেতে পারেন।
আগামী শনিবার কেপ ভের্দের বিপক্ষে শেষ ৩২-এর লড়াইয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। বিশ্বচ্যাম্পিয়নদের লক্ষ্য থাকবে জয় দিয়ে কোয়ার্টার ফাইনালের পথে আরও একধাপ এগিয়ে যাওয়া।
বিডি প্রতিদিন/এম.এস