বিশ্বকাপ ফুটবলের এ মহামঞ্চে এক অনন্য কীর্তির সামনে দাঁড়িয়ে স্পেনের গোলকিপার উনাই সিমন। আর মাত্র ৮৮ মিনিট অক্ষত রাখতে পারলেই তিনি নাম লেখাবেন ইতিহাসের পাতায়। ভেঙে দেবেন বিশ্বসেরা কিংবদন্তি গোলরক্ষকদের গড়া বিশ্বকাপ রেকর্ড। স্প্যানিশ এ বাজপাখি টানা ৪২৯ মিনিট কোনো গোল না খেয়ে জাল সামলে চলেছেন। নকআউট পর্বের আগামী ম্যাচে প্রতিপক্ষকে গোলবঞ্চিত রাখতে পারলেই তিনি এক লাফে র্যাঙ্কিংয়ের অষ্টম স্থান থেকে শীর্ষে উঠে আসবেন। পেছনে পড়ে যাবেন ইতালির ওয়াল্টার জেঙ্গা, ইংল্যান্ডের পিটার শিল্টন কিংবা স্পেনের কিংবদন্তি ইকার ক্যাসিয়াসের মতো তারকাদের। এ যাত্রায় উনাই ছাড়িয়ে যাবেন সেপ মেয়ার, জানলুইজ বুফন ও গর্ডন ব্যাঙ্কসদেরও।
নিজের প্রথম সাতটি বিশ্বকাপ ম্যাচের পাঁচটিতেই ক্লিন শিট রাখার অনন্য নজিরও গড়তে যাচ্ছেন এ স্প্যানিশ প্রাচীর। অথচ টুর্নামেন্ট শুরুর আগে জোয়ান গার্সিয়া ও ডেভিড রায়ার দুর্দান্ত ফর্মের কারণে স্পেনের একাদশে সিমনের জায়গা পাওয়া নিয়েই ছিল সংশয়। কিন্তু কোচ লুইস দে লা ফুয়েন্তে আস্থা রেখেছিলেন অ্যাথলেটিক ক্লাবের এ তারকার ওপর। কোচের সেই আস্থার প্রতিদান উনাই সিমন দিচ্ছেন দারুণভাবে। উরুগুয়ের বিপক্ষে কিছুটা স্নায়ুচাপে ভুগলেও নিজের বক্সে বল পায়ে ড্রিবলিং করে তিনি ফুটিয়ে তুলেছেন অসীম আত্মবিশ্বাস। উনাইয়ের এই পারফরম্যান্সের পেছনে বড় অবদান স্পেনের জমাট রক্ষণভাগ। পাউ কুবারসি, আইমেরিক লাপোর্তে ও মার্ক কুকুরেয়ারা যেন চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন। দলগত পারফরম্যান্সে লা রোজারা এরই মধ্যে ছাড়িয়ে গেছে ২০১০ সালের বিশ্বকাপজয়ী দলকেও। নিজেদের ইতিহাসে এই প্রথম গ্রুপ পর্বে কোনো গোল না খাওয়ার রেকর্ড গড়েছে দে লা ফুয়েন্তের শিষ্যরা।