নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরে পালিত হয়েছে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী। সোমবার মহাকবির জন্মভিটা যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে উপজেলা প্রশাসন, মধুসূদন একাডেমিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।
সকালে মহাকবির আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে দুপুর ১২টায় মধুসূদন একাডেমিতে মহাকবির জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মধুসূদন একাডেমির চেয়ারম্যান কাসেদুজ্জামান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের প্রধান ড. মো. দুলাল হোসেন। তিনি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জীবন, সাহিত্যকীর্তি এবং বাংলা সাহিত্যে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।
এ সময় বক্তব্য দেন মধুসূদন একাডেমির পরিচালক খসরু পারভেজ, সাগরদাঁড়ির আবু শারাফ সাদেক বাণিজ্য ও কারিগরি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক কানাইলা ভট্টাচার্য, মধুসূদন একাডেমির উপপরিচালক কবি মকবুল মাহফুজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক তাহেরুজ্জামান এবং কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফুজ্জামান খান।
আলোচনা সভা শেষে বিকেলে একই স্থানে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এনআরএইচ