গরু চুরি করে প্রাইভেটকারে তুলে পালানোর সময় ধরা পড়েছে চোরচক্রের দুই সদস্য। রবিবার বিকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার দেওয়ানজী কান্দি গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দেওয়ানজিকান্দি গ্রামের সড়কের পাশে একটি বাগানে ঘাস খাচ্ছিল ছোট একটি গরু। এ সময় দুই চোর গরুটিকে প্রাইভেটকারের পেছনের অংশে ঢুকিয়ে চলতে শুরু করে। দেড়শ মিটার এগুতেই গাড়িতে গরুর গলার আওয়াজ শুনে এলাকার কয়েকজন দৌঁড়ে প্রাইভেটকারটি আটকায় এবং গরুটি দেখতে পেয়ে সেটিকে নামিয়ে আনে। পরে চোরদের ধরে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে দুই চোরকে আটক করে।
আটক দুজন হলেন– নোয়াখালীর সেনবাগ উপজেলার বেলাল মিয়া, কুমিল্লার লাকসাম উপজেলার মো. বিল্লাল।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, জনতার হাতে আটক দুজন একটি প্রাইভেটকারে এসে আমান উল্লাহ নামে একজনের গরুটি চুরি করে পালাচ্ছিল। তাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় আনা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/জেডএ