২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্মরণকালের অন্যতম ঐতিহাসিক ও মানবিক বাজেট হিসেবে অভিহিত করেছেন ক্ষমতাসীন দলের সংসদ সদস্য আমান উল্লাহ আমান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘ প্রবাসজীবনের অভিজ্ঞতা ও লন্ডনের শিক্ষাব্যবস্থার আদলে এবারের বাজেটে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। পাঁচবারের নির্বাচিত এ সংসদ সদস্য বলেন, ১৯৯১ সাল থেকে তিনি বহু বাজেট দেখেছেন। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী যে বাজেট উপস্থাপন করেছেন, তা অতীতে দেখা যায়নি। তাঁর ভাষায়, এটি একটি মানবিক, দরিদ্রবান্ধব ও জনকল্যাণমুখী বাজেট। শিক্ষা খাতে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দের প্রশংসা করে আমান বলেন, লন্ডনের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের ব্যাগ, জুতা, পোশাক ও মধ্যাহ্নভোজের যে ব্যবস্থা রয়েছে, সেই আদলে দেশের শিক্ষার্থীদের জন্যও উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দীর্ঘ ১৮ বছরের বিদেশজীবনের অভিজ্ঞতার প্রতিফলন এ বাজেটে ফুটে উঠেছে।