সেট-পিস জাদুর পর অধিনায়ক লিওনেল মেসির রেকর্ড গড়া গোলে জর্ডানকে ৩-১ ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে পা রাখলো বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সোমবার টেক্সাসের ডালাস স্টেডিয়ামে গ্রুপ 'জে'-এর শেষ ম্যাচে এই জয়ের পর ৩ ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে শেষ ৩২ নিশ্চিত করলো লিওনেল স্কালোনির দল, যেখানে আগামী ৩ জুলাই তাদের প্রতিপক্ষ কেপ ভার্দ (Cape Verde)। অন্যদিকে, বর্তমান চ্যাম্পিয়নদের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিলো প্রথমবারের মতো বিশ্বমঞ্চে জায়গা করে নেওয়া জর্ডান।
ম্যাচে আর্জেন্টিনার পক্ষে গোল তিনটি করেন জিওভানি লো সেলসো, লাউতারো মার্টিনেজ ও লিওনেল মেসি এবং জর্ডানের হয়ে একমাত্র ব্যবধান কমানো গোলটি করেন মুসা আল-তামারি।
ম্যাচটি আর্জেন্টিনার জন্য এক অর্থে নিয়ম রক্ষার হওয়ায় কোচ স্কালোনি একাদশে ৯টি পরিবর্তন এনে বেঞ্চের শক্তি পরখ করেন। তবে মাঠের খেলায় তার কোনো প্রভাব পড়েনি; শুরু থেকেই প্রায় ৮০ শতাংশ বলের দখল রেখে জর্ডানকে চেপে ধরে আর্জেন্টিনা। ম্যাচের ১৯ মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে ২০ গজ দূর থেকে বাঁ-পায়ের এক চোখধাঁধানো ফ্রি-কিকে আলবিসেলেস্তেদের প্রথম লিড এনে দেন জিওভানি লো সেলসো। এর ঠিক ১২ মিনিট পর, ৩১ মিনিটে সফল পেনাল্টি কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন লাউতারো মার্টিনেজ। হুলিয়ান আলভারেজের মুখে জর্ডান অধিনায়ক এহসান হাদ্দাদের আঘাত লাগলে ভিএআর (VAR) রিভিউ দেখে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। ২-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে জর্ডান।
দ্বিতীয়ার্ধের শুরুতে জর্ডান কোচ জামাল সেলামি কৌশলী পরিবর্তন এনে মাঠে নামান দলের প্রধান তারকা মুসা আল-তামারিকে। এই পরিবর্তনের সুফল তারা পায় ম্যাচের ৫৫ মিনিটে, যখন অধিনায়ক হাদ্দাদের নিখুঁত ক্রসে স্লাইডিং শটে গোল করে ব্যবধান ২-১ এ নামিয়ে আনেন আল-তামারি। জর্ডান যখন সমতায় ফেরার স্বপ্ন দেখছে, ঠিক তখনই ম্যাচের গতিপথ পুরোপুরি বদলে দিতে ৬০ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন লিওনেল মেসি।
ম্যাচের ৮০ মিনিটে ডি-বক্সের ২৫ গজ বাইরে মেসি নিজেই ফাউলের শিকার হলে ফ্রি-কিক পায় আর্জেন্টিনা। ম্যাক অ্যালিস্টার ও ওটামেন্ডিরা জর্ডানের রক্ষণ দেয়ালের সামনে দাঁড়িয়ে গোলরক্ষকের দৃষ্টি সীমানা আড়াল করার সুযোগে, বাঁ-পায়ের জাদুকরী নিচু শটে বল জালে জড়ান মেসি। জর্ডান গোলরক্ষক ইয়াজিদ আবুলায়লা কেবল দাঁড়িয়ে বলের জালে জড়ানো দেখেন। এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে নিজের ৬ষ্ঠ গোলটি তুলে নেওয়ার পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা ৭টি ম্যাচে গোল করার এক অনন্য বিশ্বরেকর্ড গড়েন ৩৯ বছর বয়সী এই মহাতারকা। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় ৩-১ ব্যবধানের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।
বিডি প্রতিদিন/আশিক