শুরুর একাদশে ছিলেন না লিওনেল মেসি। তবে মাঠে নামার ২০ মিনিটের মধ্যেই নিজের ছাপ রাখলেন আর্জেন্টাইন অধিনায়ক। দুর্দান্ত এক ফ্রি কিক থেকে গোল করে জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার লিড ৩-১ করেন তিনি।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে ডালাস স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার দখলে। ১৯ মিনিটে জিওভানি লো সেলসোর গোলে এগিয়ে যায় লিওনেল স্কালোনির দল। ৩১ মিনিটে ভিএআর পর্যালোচনার পর পাওয়া পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন লাওতারো মার্টিনেজ।
বিরতির পর ৫৫ মিনিটে মুসা আল তামারির গোলে ব্যবধান কমায় জর্ডান। এরপর ৬০ মিনিটে লাওতারো মার্টিনেজের বদলি হিসেবে মাঠে নামেন লিওনেল মেসি। ৮০ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক ফ্রি কিকে গোল করে আর্জেন্টিনাকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি।
ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত বল দখল, পাসিং ও আক্রমণে স্পষ্ট আধিপত্য ছিল আর্জেন্টিনার। তখন পর্যন্ত দলটি ১০টি শটের ৫টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। অন্যদিকে জর্ডান ৫টি শটের মাত্র একটি লক্ষ্যে রাখতে পেরেছে।
বিডি প্রতিদিন/আশিক