রাজধানীর আদাবর এলাকায় ছিনতাই করার সময় এলাকাবাসীর গণপিটুনিতে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ওই যুবকের নাম জাহিদ (৩৮)। শনিবার শ্যামলী হাউজিং দ্বিতীয় প্রকল্প এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে তাকে গণপিটুনি দেন স্থানীয়রা। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বাবার নাম জয়নাল মিয়া। গ্রামের বাড়ি ভোলার লালমোহন থানার মহেশখালীতে।
আদাবর থানার এসআই ইয়ামিন সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জাহিদকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর একটি মামলায় তাকে আদালতে নেওয়া হয়। আদালতে তিনি অসুস্থ হয়ে পড়লে সেখান থেকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।
এসআই ইয়ামিন আরও জানান, জাহিদ মাদকাসক্ত ছিলেন এবং পরিবারের সঙ্গে তার যোগাযোগ ছিল না। তিনি মানুষের কাছ থেকে টাকা চাইতেন, না পেলে ছিনতাই করতেন এবং ছুরি দেখিয়ে জোরপূর্বক টাকা আদায় করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। শনিবার খোরশেদ নামে এক ব্যক্তির কাছ থেকে অস্ত্রের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে জাহিদের বিরুদ্ধে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেন। এ ঘটনায় নিহতের মা জাহানারা বেগম বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে আদাবর থানায় একটি হত্যা মামলা করেছেন।