স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন প্রজন্মের রাজনৈতিক দল এনসিপিকে অতীতের কোনো ‘স্টিগমা’ বা কলঙ্ক বয়ে না নিয়ে রাজনীতিতে আরও পরিষ্কার অবস্থান তৈরির পরামর্শ দিয়েছেন।
রবিবার (২৮ জুন) জাতীয় সংসদের অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সংসদের বিরোধী পক্ষের সদস্যদের (জামায়াত সংশ্লিষ্টতা ইঙ্গিত করে) উদ্দেশে মির্জা ফখরুল বলেন, একাত্তর সালের ভূমিকার জন্য আপনারা একবারও ক্ষমা প্রার্থনা করলেন না। জাতির সামনে আপনাদের ক্ষমা প্রার্থনা করা উচিত ছিল। কিন্তু আপনারা তা করতে পারেননি। উপরন্তু আপনাদের নেতা তখন প্রফেসর গোলাম আজম সাহেব বলেছিলেন- একাত্তরে আমরা ভুল করিনি। আমি মনে করি, এখনো সময় আছে, আপনারা ভেবে দেখুন। বাংলাদেশ সম্পর্কে আপনাদের ধারণা পরিষ্কার করে দেশের মানুষকে জানানো উচিত।
তিনি আরও বলেন, আপনারা যদি এটি (ভুল) স্বীকার করে নেন, তবে আপনাদের জন্য রাজনীতি অনেক সহজ হয়ে যাবে। তরুণ প্রজন্মের দল এনসিপির পার্লামেন্টারি পারফরম্যান্সের প্রশংসা করে মন্ত্রী বলেন, আমি আনন্দিত যে এই নবীনরা ভালো পারফরম্যান্স শো করছেন। তবে আমি আশা করব তারা তাদের রাজনীতি আরও পরিষ্কার করবে। এমন কোনো ‘স্টিগমা’ (কলঙ্ক) নিয়ে যেন তারা না থাকে, যারা বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নকেই অস্বীকার করেছিল। আমরা চাই, তারা ভবিষ্যতে আরও ভালো করুক।
মির্জা ফখরুল বলেন, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ‘রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন’-এই তিন মূল ভিত্তির ওপর বাজেট সাজিয়েছেন। আগামী এক বছরে অর্থনীতি স্থিতিশীল করা, তিন বছরে সংস্কার এবং পাঁচ বছরের মধ্যে কাঠামোগত রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের কথা উল্লেখ করে তিনি বলেন, ২০০২ সালে চীন সফরের সময় দেশনেত্রী খালেদা জিয়ার সামনে সে দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলেছিলেন- ‘ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইউর ফাদার অ্যান্ড মাদার’। আজ প্রধানমন্ত্রী তারেক রহমান সেই স্বাধীনতার পতাকা, গণতন্ত্রের পতাকা ও সার্বভৌমত্বের পতাকা নিয়ে আবারও চীন গিয়েছিলেন। সেই পতাকা নিয়েই তিনি ফিরে এসেছেন। বিজয় আমাদের অনিবার্য।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ