প্রস্তাবিত বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনাকে খুব একটা আমলে নিচ্ছেন না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, বিরোধী দল হিসেবে এটি তাদের প্রথম অভিজ্ঞতা। সময়ের সঙ্গে সঙ্গে তারা আরও গঠনমূলক সমালোচনা করতে শিখবেন। গতকাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাজেট নিয়ে সংসদে তেমন নেতিবাচক সমালোচনা হয়নি। কিছু সদস্য রাজস্ব আদায়ে ঘাটতির আশঙ্কা প্রকাশ করেছেন। তবে ই-চালানের মাধ্যমে রাজস্ব সংগ্রহ, কর অব্যাহতি কমানো, রাজস্ব ফাঁকি শনাক্তকরণ এবং ভ্যাট কাঠামোর সংস্কারের ফলে এ ধরনের আশঙ্কার কোনো কারণ নেই বলে তিনি মনে করেন। বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, ‘যারা শঙ্কা প্রকাশ করছেন, তারা প্রথমবার বিরোধী দলের দায়িত্ব পালন করছেন। অনেক ক্ষেত্রে সমালোচনা করতে গিয়ে ভুল করেছেন। আমার বিশ্বাস, আরও কয়েকবার বিরোধী দলে থাকলে তারা সমালোচনাও আরও ভালোভাবে করতে শিখবেন।’ তিনি বলেন, বর্তমানে দেশের কর-জিডিপি অনুপাত প্রায় ৯ শতাংশ। অথচ নেপাল ও ভুটানে এই হার ১৩ থেকে ১৪ শতাংশ। অর্থমন্ত্রী কর আহরণ বাড়ানোর যে উদ্যোগ নিয়েছেন, তাতে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।