মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
রবিবার (২৮ জুন) বিকেলে উপজেলার ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের সাতগাঁও চা-কন্যা ভাস্কর্যের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া এলাকার রমজান মিয়ার ছেলে সৌরভ এবং একই এলাকার তাজুল ইসলামের ছেলে নাঈম। আহত সাব্বির একই এলাকার শহিদ আলীর ছেলে।
সাতগাঁও হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মোটরসাইকেলে করে শ্রীমঙ্গলের দিকে যাওয়ার সময় একটি হানিফ পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সৌরভ ও নাঈমকে মৃত ঘোষণা করেন। আহত সাব্বিরকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. নাভিদ রাইয়ান বিন শহিদ বলেন, হাসপাতালে আনার আগেই দুইজনের মৃত্যু হয়েছিল। আহত আরেকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।
শ্রীমঙ্গল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান বলেন, নিহতদের স্বজনরা হাসপাতালে পৌঁছেছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এনআরএইচ