চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল জামতলা এলাকায় বালুবাহী ট্রাকচাপায় মো. জাবেদ (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত জাবেদ উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের হাজী মকবুল আহমদ বাড়ির প্রবাসী মো. সেলিমের ছেলে। জাবেদ নগরীতে মেকানিক্যাল কাজ শিখতো। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
রবিবার উপজেলার কধুরখীল জামতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালুরঘাটমুখী বালুবাহী ট্রাকের পেছন থেকে ওভারটেক করে আসা একটি মোটর সাইকেল হঠাৎ কাত হয়ে পড়ে যায়। এসময় ট্রাকের পেছনের চাকায় মোটরসাইকেল চালক জাবেদ পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। মোটর সাইকেল তার পেছনে বসা অপরজনও আহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক চালক ঘটনাস্থলে ট্রাকটি রেখে পালিয়ে যায়।
বোয়ালখালী থানার ওসি মোজাফফর হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম