কক্সবাজারের টেকনাফে অস্ত্রের মুখে এক পল্লী হোমিও চিকিৎসককে অপহরণ করে গহীন পাহাড়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীয়া জুম্মাপাড়ায় এ ঘটনা ঘটে।
রবিবার দুপুরে নিজ বাড়ি থেকে এই অপহরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অপহৃত চিকিৎসক কামাল উদ্দিন (৬৫) প্রকাশ বিএ কামাল বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালীয়া জুম্মাপাড়া এলাকার মৃত মকবুল আহমদের ছেলে।
ঘটনাটি নিশ্চিত করে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. আবু সাঈদ বলেছেন, দিনেদুপুরে একজন পল্লী চিকিৎসককে অস্ত্রের মুখে অপহরণের খবর পাওয়ার পরপরই অপহৃত চিকিৎসককে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে একদল সশস্ত্র সন্ত্রাসী পাহাড় থেকে নেমে কামাল উদ্দিনের বাড়িতে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে তাকে জিম্মি করে তুলে নিয়ে যায়।
বাহারছড়া ইউনিয়নের ইউপি সদস্য ইলিয়াছ বললেন, প্রকাশ্যে একজন চিকিৎসককে বাড়ি থেকে অপহরণের ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারা এ ঘটনায় জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি।
বিডি প্রতিদিন/এএম