রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাগান গেট সংলগ্ন এলাকা থেকে একদিন বয়সী এক নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৮ জুন) সন্ধ্যা সোয়া ৬টার দিকে কালো কাপড়ে মোড়ানো অবস্থায় নবজাতকটিকে উদ্ধার করা হয়। পরে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সন্ধ্যা পৌনে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. লাভলু জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কালো কাপড়ে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আশপাশের লোকজনের বক্তব্য অনুযায়ী, অজ্ঞাত কেউ নবজাতকটিকে সেখানে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি উদ্ঘাটনে আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নবজাতকটির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
বিডি-প্রতিদিন/এআইএস