জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুর্দান্ত এক ফ্রি কিকে গোল করে এবারের বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার শীর্ষে অবস্থান করছে মেসি। একই সঙ্গে আর্জেন্টাইন তারকা গোল্ডেন বুট জয়ের দৌড়েও এগিয়ে রয়েছেন।
৪টি করে গোল নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন ফ্রান্সের উসমান দেম্বেলে ও কিলিয়ান এমবাপ্পে। দেম্বেলে নরওয়ের বিপক্ষে এক চোখ ধাঁধানো হ্যাটট্রিক করেছেন। অন্যদিকে এবারের টুর্নামেন্টে ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র এবং নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডেরও ৪টি করে গোল করেছেন।
আর্লিংটনে জর্ডানের বিপক্ষে গ্রুপ ‘জে’-র ম্যাচে পেনাল্টি বক্সের বাইরে থেকে গোল করার ক্ষেত্রে ব্রাজিলের কিংবদন্তি রিভেলিনোর দীর্ঘদিনের বিশ্বকাপের রেকর্ড ভেঙে দিয়েছেন মেসি।
এই গোলের সুবাদে আটবারের ব্যালন ডি'অর জয়ী এই তারকার মোট বিশ্বকাপ গোলসংখ্যা ১৯-এ পৌঁছাল, যা টুর্নামেন্টে আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে তার রেকর্ডকে আরও সুসংহত করল। চলতি বিশ্বকাপে তিনি এখন পর্যন্ত ছয়টি গোল করেছেন।
১৯৯৮ সালে বর্তমান গ্রুপ-পর্বের বিন্যাস চালু হওয়ার পর থেকে বিশ্বকাপের কোনো একটি আসরের তিনটি গ্রুপ ম্যাচেই গোল করা চতুর্থ খেলোয়াড় হিসেবে আর্জেন্টিনার অধিনায়ক এক বিশেষ তালিকায় নিজের নাম লিখিয়েছেন। এর আগে ক্রিশ্চিয়ানো রোনালদো(২০১৮), ডেভিড ভিয়া(২০১০) ও ফার্নান্দো তোরেস(২০১০) এই কৃতিত্ব অর্জন করেছিলেন।
এর সঙ্গে ফিফা বিশ্বকাপে নিজেদের ৫০তম জয় তুলে নিয়ে আর্জেন্টিনা আরও একটি উল্লেখযোগ্য মাইলফলক স্পর্শ করল। ব্রাজিল ও জার্মানির পর তৃতীয় দেশ হিসেবে তারা এই কৃতিত্ব অর্জন করল।
বিডি প্রতিদিন/আরকে