লর্ডসে দুর্দান্ত লড়াই করেও জয় তুলে নিতে পারল না বাংলাদেশ নারী ক্রিকেট দল। স্বল্প পুঁজি নিয়েও দক্ষিণ আফ্রিকাকে শেষ ওভার পর্যন্ত চাপে রাখলেও শেষ পর্যন্ত ৪ উইকেটের হার নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করেছে নিগার সুলতানার দল।
রবিবার লর্ডসে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১১৭ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন সোবহানা মোস্তারি। শেষ দিকে অধিনায়ক নিগার সুলতানা মাত্র ২০ বলে অপরাজিত ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেন।
বাংলাদেশের শুরুটা ছিল হতাশাজনক। ইনিংসের প্রথম বলেই উইকেট হারানোর পর পাওয়ার প্লেতে আসে মাত্র ২২ রান। এরপর সোবহানা মোস্তারি ও শারমিন আক্তারের ৫৬ রানের জুটিতে ইনিংস কিছুটা গতি পেলেও বড় সংগ্রহের পথে এগোতে পারেনি দল। শেষ তিন ওভারে ৩৬ রান তুলে স্কোরকে ১১৭-এ নিয়ে যান নিগার।
জবাবে ব্যাট করতে নেমেও শুরুতেই ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। প্রথম বলেই মারুফা আক্তারের দুর্দান্ত ইনসুইং ডেলিভারিতে সাজঘরে ফেরেন লরা উলভার্ট।
এরপর ট্যাজমিন ব্রিটস ও অ্যানেরি ডার্কসেন ৫২ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিলেও নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে ম্যাচে টিকে থাকে বাংলাদেশ। নাহিদা আক্তার দুটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন, আর শেষ দিকে স্বর্ণা ও বাংলাদেশের ফিল্ডাররা দারুণ কিছু ক্যাচ নিয়ে দক্ষিণ আফ্রিকার ওপর চাপ বাড়ান।
শেষ ওভারে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ৫ রান। তবে মারুফা আক্তারের প্রথম বলেই ক্লোয়ি ট্রায়নের ব্যাটের কানায় লেগে বল সীমানা ছাড়ায়। পরের বল থেকে এক রান নিয়ে ৪ উইকেটের জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা।
এই হারের মধ্য দিয়ে পাঁচ ম্যাচে দুটি জয় ও তিনটি পরাজয় নিয়ে শেষ হলো বাংলাদেশের বিশ্বকাপ অভিযান।
বিডি প্রতিদিন/এম.এস