কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৯১৮ কেজি অবৈধ ভারতীয় বাসমতি চাল জব্দ করা হয়েছে। রবিবার (২৮ জুন) দুপুরে উপজেলার জামতলা মোড়ে পরিচালিত অভিযানে এক ব্যবসায়ীর গোডাউন থেকে এসব চাল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানের খবর পেয়ে অভিযুক্ত ব্যবসায়ী বলরাম চন্দ্র সাহা বাড়ির পেছনের পথ দিয়ে পালিয়ে যান।
পরে তার গোডাউনে তল্লাশি চালিয়ে ৯১৮ কেজি ভারতীয় বাসমতি চাল জব্দ করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, জব্দ করা চালগুলো উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাঁশজানি ও ভোটহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছিল। উদ্ধার করা চালের আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা।
পুলিশ আরও জানায়, অভিযুক্ত বলরাম চন্দ্র সাহার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। ভূরুঙ্গামারী উপজেলাকে মাদক ও চোরাচালানমুক্ত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এনআরএইচ