বাগেরহাট পৌরসভার সাড়ে চার কোটি টাকার বকেয়া পৌর কর আদায় করতে ব্যতিক্রমধর্মী তিনদিনের কর মেলার আয়োজন করেছে কর্তৃপক্ষ।
রবিবার সকালে বাগেরহাট পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাহ উদ্দীন ফিতা কেটে এই কর মেলার উদ্বোধন করেন।
পৌরসভা চত্বরে তিনদিনের কর মেলা চলাকালে বকেয়া পৌরকর পরিশোধ করলে ১৫ শতাংশ নগদ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। এদিকে, পৌরসভা কর্তৃপক্ষের ব্যতিক্রমধর্মী কর মেলার আয়োজনে খুশি নাগরিকরা। এই কর মেলায় পৌরকর আদায়ে পৌরবাসীর নাগরিক সুবিধা বাড়াবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
বাগেরহাট পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাহ উদ্দীন জানান, বাগেরহাট পৌরসভায় সাত কোটি ১৩ লাখ টাকার মধ্যে এখন বকেয়া পৌরকর রয়েছে চার কোটি ৫৬ লাখ টাকা। বকেয়া পৌর কর আদায় করতে না পারলে পৌরসভার নাগরিকদের নাগরিক সুবিধা তা সঠিকভাবে দে ওয়া যাচ্ছে না। তাই পৌরসভাকে সচল রাখতে পৌর কর আদায় করা জরুরি হয়ে পড়েছে।
তিনি বলেন, বকেয়া পৌরকর আদায়ে গতি বাড়াতে আমরা তিন দিনের এই কর মেলার আয়োজন করেছি। মেলা চলাকালে পৌর কর পরিশোধ করলে নাগরিকরা ১৫ শতাংশ পর্যন্ত নগদ ছাড় পাবেন।
বিডি প্রতিদিন/কেএ