বগুড়ার মাটিডালী বিমান মোড় এলাকায় গাড়ির একটি শোরুম ও সার্ভিসিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২৮ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।
জানা যায়, বগুড়া সদর উপজেলার মাটিডালী বিমান মোড়ের কাছে অবস্থিত ওই শোরুমটিতে নতুন গাড়ি বিক্রির পাশাপাশি গাড়ি সার্ভিসিংয়ের কাজ করা হয়।
রবিবার দুপুরে একটি গাড়ি সার্ভিসিং করার সময় হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো শোরুমে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এসে ২০ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে। অগ্নিকাণ্ডে শোরুমে থাকা পাঁচটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী রাকিবুল ইসলাম জানান, আগুনে তাদের বড় ধরণের আর্থিক ক্ষতি হয়েছে।
বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর পুলক কুমার গোস্বামী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ি সার্ভিসিংয়ের সময় আগুনের সূত্রপাত হতে পারে। তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।
বিডি-প্রতিদিন/জেডআর