বরিশাল নগরীতে থ্রি-হুইলার ভাড়া নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে প্রায় ২০০টি ইজিবাইক, সিএনজি ও এলপিজিচালিত থ্রি-হুইলার ক্যাম্পাসে আটকে রাখা হয়। পরে প্রশাসনের আশ্বাসে আন্দোলন স্থগিত করে যানবাহনগুলো ছেড়ে দেন শিক্ষার্থীরা।
রবিবার (২৮ জুন) বেলা ১১টার দিকে বিএম কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে কলেজের শতবর্ষ গেট ও মসজিদ গেট এলাকায় সড়ক অবরোধ করে অবস্থান নেন। এতে নগরীর গুরুত্বপূর্ণ ওই সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রায় এক মাস ধরে নগরীতে ব্যাটারিচালিত ইজিবাইক এবং সিএনজি ও এলপিজিচালিত থ্রি-হুইলারের চালকেরা নির্ধারিত ভাড়ার পরিবর্তে দ্বিগুণ পর্যন্ত ভাড়া আদায় করছেন। অতিরিক্ত ভাড়ার প্রতিবাদ করলে অনেক ক্ষেত্রে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার এবং শিক্ষার্থীদের মারধরের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ তাদের। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. সাইফুল্লাহ বলেন, শতবর্ষ গেট ও মসজিদ গেটে চালকদের কাছে ভাড়ার পরিমাণ যাচাই করা হয়। যারা নির্ধারিত ভাড়া নিয়েছেন, তাদের ছেড়ে দেওয়া হয়েছে। আর যারা অতিরিক্ত ভাড়া আদায় করেছেন, তাদের গাড়ি ক্যাম্পাসে আটকে রাখা হয়। দুই গেট মিলিয়ে ২০০টির বেশি থ্রি-হুইলার আটক করা হয়েছিল।
বিএম কলেজের অধ্যক্ষ শেখ তাজুল ইসলাম বলেন, সোমবার সকাল ১১টার মধ্যে সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে থ্রি-হুইলারের নতুন ভাড়া নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে। এ আশ্বাসের পর শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করেছেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। বর্তমানে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এদিকে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে যৌক্তিক ভাড়া নির্ধারণ ও কার্যকরভাবে বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।
বিডি প্রতিদিন/এনআরএইচ