সুন্দরবনের শরণখোলা রেঞ্জে নিষিদ্ধ সময়ে অবৈধভাবে মাছ ধরার সময় একটি ফিশিং ট্রলারসহ তিন জেলেকে গ্রেফতার করেছে বনরক্ষীরা। গতকাল শনিবার বিকালে সুন্দরবনের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কটকা অভয়ারণ্যের বদরউদ্দিন খাল থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার জেলেরা হলেন বাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের বাচ্চু হাওলাদার, মো. সবুর হাওলাদার ও মালিয়া রাজাপুর গ্রামের মো. বেল্লাল হাওলাদার। তাদের বাগেরহাটে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম জানান, বর্তমানে সুন্দরবনে মাছ ধরায় তিন মাসের নিষেধাজ্ঞা চলছে। এই অবস্থায় স্মার্ট পেট্রোলিং টিমের বনরক্ষীরা শনিবার বিকালে টহল দিচ্ছিলেন। এ সময় তারা সুন্দরবনের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কটকা অভয়ারণ্যের বদরউদ্দিন খালে একটি ফিশিং ট্রলারে জেলেদের মাছ ধরতে দেখতে পান। বনরক্ষীরা এগিয়ে গিয়ে ট্রলারসহ ৩ জেলেকে হাতেনাতে গ্রেফতার করে। ট্রলার থেকে মাছ ধরার জাল ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।
ওই জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা করে বাগেরহাটে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান শরিফুল ইসলাম।
বিডি-প্রতিদিন/এমই