জিম্বাবুয়ের বিপক্ষে হারারে স্পোর্টস ক্লাবে চলমান একমাত্র টেস্টে ৪৬ ওভার শেষে ৮ উইকেটে ১৪০ রান তুলে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শুরু থেকেই চাপে পড়ে সফরকারীরা।
বাংলাদেশের ইনিংসে একমাত্র উল্লেখযোগ্য প্রতিরোধ গড়েছেন মুমিনুল হক। বাঁহাতি এই ব্যাটার ৮১ বলে ৬০ রানের লড়াকু ইনিংস খেললেও অন্য ব্যাটারদের কাছ থেকে পর্যাপ্ত সমর্থন পাননি।
ইনিংসের শুরুটা ছিল হতাশাজনক। মাত্র ৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ১৭ বলে ২ রান করে আউট হন মাহমুদুল হাসান জয়। এরপর সাদমান ইসলাম ও মুমিনুল হক মিলে ৩০ রানের জুটি গড়লেও দলীয় ৩৬ রানে ২০ রান করে ফিরে যান সাদমান।
পরে মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৭৭ রানের জুটি গড়ে ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে দলীয় ১১৩ রানে ৬০ রান করে আউট হন মুমিনুল। এরপর ৭৩ বলে ১৯ রান করে বিদায় নেন শান্তও।
অভিজ্ঞ মুশফিকুর রহিমের কাছ থেকেও বড় ইনিংসের প্রত্যাশা ছিল বাংলাদেশ শিবিরের। কিন্তু তিনি রিচার্ড এনগারাভার বলে বোল্ড হয়ে দ্রুত ফিরে যান।
একের পর এক উইকেট হারিয়ে প্রথম দিনের প্রথম সেশনেই চাপে পড়ে যায় বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৬ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ ১৪০ রান।
বিডি প্রতিদিন/এম.এস