নানা হিসাব-নিকাশ আর নাটকীয়তায় শেষ হয়েছে বিশ্বকাপের গ্রুপ পর্বের। ৪৮ দলের টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ১৬টি দল। আর ১২টি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ ২৪ দলের সঙ্গে সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দল জায়গা করে নিয়েছে শেষ বত্রিশে। যেখানে টাইব্রেকার ও অতিরিক্ত সময়ের মতো রোমাঞ্চকর সব উপাদানই থাকছে। কানাডা-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সেই টানটান উত্তেজনার পর্ব।
এবার আফ্রিকার ১০টি দেশ বিশ্বকাপের মূল পর্বের খেলার যোগত্য অর্জন করেছিল। অসাধারণ নৈপুন্য দেখিয়ে এবারের নকআউটে জায়গা করে নিয়েছে নয়টি দল। এর মধ্যে মরক্কো, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল, আইভরি কোস্ট, ঘানা, কেপ ভার্দে, মিশর, কঙ্গো এবং আলজেরিয়া রয়েছে।
এর আগে মাত্র ছয়টি আফ্রিকান দেশ নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল। এর মধ্যে কয়েকটি দল একাধিকবার সুযোগ পেয়েছিল। অন্যদিকে ২০১৪ ও ২০২২ সালে দুটি দল নকআউট পর্বে উঠেছিল।
২০২২ সালে কাতার বিশ্বকাপে প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল মরক্কো। এবারও তারা অনেক দূর যাওয়ার সক্ষমতা দেখাচ্ছে, বিশেষ করে ব্রাজিলের সঙ্গে ১-১ ড্র করেছে। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসে সবাইকে চমক দিয়েছে কেপ ভার্দে। এছাড়াও কঙ্গোর মতো দলের রাউন্ড অফ ৩২-এ উঠে আসা ছিল বেশ চমকপ্রদ। নকআউটে ইংল্যান্ডের মুখোমুখি হবে দেশটি।
এবারের বিশ্বকাপের সবচেয়ে রোমাঞ্চকর সমাপ্তির মধ্য দিয়ে আলজেরিয়া পরবর্তী পর্বে উন্নীত হয়েছে। অস্ট্রিয়ার বিপক্ষে একেবাবে শেষমুহূর্তে রিয়াদ মাহরেজ গোল করে গোল দিয়ে দলকে এগিয়ে দেন। ফলে ৩-২ ব্যবধানে জয় পায় তারা।
কঙ্গোর জয়ের পর ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’-এর ট্রফিটি পাশে রেখে উইসা বিশ্বকাপের দীর্ঘ যাত্রার কথা তুলে ধরেছেন।উইসা বলেন, ৫২ বছর পর এই নিয়ে মাত্র দ্বিতীয়বার আমরা বিশ্বকাপে অংশ নিচ্ছি। এই দলটিকে নিয়ে চার বছর আগে আমরা বিশ্বকাপের বাছাইপর্বের যাত্রা শুরু করেছিলাম। পর্তুগালের বিপক্ষে প্রথম ম্যাচটি ড্র হয়েছিল, কলম্বিয়ার বিপক্ষে হেরেছিলাম। আর এখন ম্যাচের ১০ মিনিটের মধ্যেই আমরা এক গোলে পিছিয়ে পড়েছি—আসলে ফুটবলে কোনো কিছুই সহজ নয়। আমাদের কেবল মানসিক দৃঢ়তা দেখাতে হবে, আর এমন মুহূর্ত এলে তা উপভোগ করতে হবে, কারণ এমন সুযোগ সহজে আসে না।
উইসা আশা প্রকাশ করেন, এবারের বিশ্বকাপে অর্জিত এই সাফল্য প্রমাণ করছে, আফ্রিকান ফুটবল দলগুলোর ভবিষ্যৎ উজ্জ্বল এবং তরুণ প্রতিভারা সেই অগ্রযাত্রার পথ প্রশস্ত করছে।
বিডি প্রতিদিন/আরকে