জর্ডানের বিপক্ষে ৩-১ ব্যবধানের জয়ে গ্রুপ পর্বের মিশন শতভাগ সফলতার সাথে শেষ করেছে আর্জেন্টিনা। ৩ ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ 'জে'-এর চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বের রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির দল। তবে গ্রুপ পর্বের এই সাফল্য এখন অতীত; আলবিসেলেস্তে শিবিরের দৃষ্টি এখন আগামী ৩ জুলাই মিয়ামিতে অনুষ্ঠিত হতে যাওয়া নকআউট পর্বের প্রথম ম্যাচে, যেখানে তাদের প্রতিপক্ষ আফ্রিকার লড়াকু দল কেপ ভার্দে (Cape Verde)। নকআউটের এই মহাযুদ্ধের আগে প্রতিপক্ষকে সম্পূর্ণ কুপোকাত করতে ইতিমধ্যেই নতুন রণকৌশল ও ছক কষতে শুরু করেছেন মাস্টারমাইন্ড কোচ স্কালোনি।
জর্ডানের বিপক্ষে ম্যাচে মূল একাদশের ৯ জন নিয়মিত খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে স্কালোনি মূলত তার বেঞ্চের শক্তি পরীক্ষা করেছিলেন এবং সেখানে তিনি সফল। তবে কেপ ভার্দের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে আর কোনো পরীক্ষার সুযোগ নেই।
নকআউটের ম্যাচে আবারও মাঠে ফিরবেন লিওনেল মেসি, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল এবং ক্রিস্টিয়ান রোমেরোর মতো প্রথম সারির তারকারা। আফ্রিকার শারীরিক ও গতিসম্পন্ন ফুটবলের বিরুদ্ধে মাঝমাঠের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেদেস নাকি এনজো ফার্নান্দেজ খেলবেন, তা নিয়ে নতুন সমীকরণ মেলাচ্ছেন কোচ। গ্রুপ পর্বের দাপট ধরে রেখে ৩ জুলাই মিয়ামির মাঠে কেপ ভার্দকে হারিয়ে শেষ ১৬-এর টিকিট নিশ্চিত করাই এখন স্কালোনির একমাত্র লক্ষ্য।
বিডি প্রতিদিন/আশিক