মুন্সীগঞ্জের সিরাজদিখানের পূর্বকোলা গ্রামের মো. ইলিয়াস মোল্লা হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ জুন) বেলা ১১টার দিকে সিরাজদিখান উপজেলার শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের ছাতিয়ানতলী এলাকায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে এলাকাবাসীরা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রীনগর উপজেলা সিংপারা বাজারে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ইলিয়াস মোল্লাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুইজনকে এখনো গ্রেফতার করা হয়নি। তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। পরে বিক্ষোভ মিছিল থেকে হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন বিক্ষুব্ধরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কোলা ইউনিয়ন বিএনপির আক্কাস আলী, যুবনেতা হুসেইন মুহম্মদ শাহআলম বিএনপি নেতা ডা. শামসুদ্দিন মিলন মোল্লা, নিহত ইলিয়েস মোল্লার স্ত্রী লিপি বেগম, জামাতা জামাল শেখ, আওলাদ শেখ, ইদ্রিস মোল্লা, আহত এসেক মোল্লা, স্ত্রী নিলুফা বেগম, আরো উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, ইতোমধ্যে এই ঘটনায় জড়িত মূল দুজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। জড়িত অন্যদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
বিডি-প্রতিদিন/এমই