মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির শেখকে (৩৫) পালিয়ে যায়। তবে তিন ঘণ্টার মধ্যেই পুনরায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৭ জুন) রাত সাড়ে আটটার দিকে উপজেলার বীরতারা ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাব্বির শেখের বাড়িতে বহিরাগতদের নিয়ে গোপন বৈঠকের তথ্যের ভিত্তিতে শ্রীনগর থানা পুলিশ অভিযান চালায়। রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে সাব্বিরকে নিজ বাড়ি থেকে আটক করে দুই হাতে হ্যান্ডকাফ পরানো হয়।
এ সময় তার পরিবারের সদস্য ও অনুসারীরা চিৎকার-চেঁচামেচি করে আশপাশের লোকজন জড়ো করে। একপর্যায়ে উত্তেজিত জনতা পুলিশের সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ে এবং পরে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে এসআই রাজ্জাক গুরুতর আহত হন। পরিস্থিতির একপর্যায়ে হ্যান্ডকাফ পরা অবস্থায় সাব্বির কৌশলে পালিয়ে যান।
ওই ঘটনার পরপরই একাধিক টিম গঠন করে অভিযান শুরু করে পুলিশ। পরে গোপন তথ্যের ভিত্তিতে ১২টার দিকে বীরতারা বাজার এলাকা থেকে সাব্বিরকে আবার গ্রেফতার করা হয়।
শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মিল্টন দত্ত জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/এমই