খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রবিবার খুলনা খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলের অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং দৃষ্টিশক্তি সুরক্ষায় ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুস্বাস্থ্য সুরক্ষায় সরকার সারাদেশে নিয়মিত টিকাদান কর্মসূচির পাশাপাশি প্রয়োজন অনুযায়ী জরুরি স্বাস্থ্যসেবাও পরিচালনা করছে।
খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোছা. মাহফুজা খাতুন, কেসিসির সচিব মো. রেজা রশীদ, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. আকিব উদ্দিন, স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডা. অপর্ণা বিশ্বাস, খুলনা খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম প্রমুখ।
এবারের ক্যাম্পেইনে খুলনা মহানগরে মোট ১ লাখ ৮ হাজার ৯৫২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১২ হাজার ৩৩৭ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৯৬ হাজার ৬১৫ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
ক্যাম্পেইন বাস্তবায়নে খুলনা সিটি করপোরেশনের ৩১টি ওয়ার্ডে মোট ১ হাজার ৪২০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। এ ছাড়া ওয়ার্ডভিত্তিক ৫৮০টি কেন্দ্র, মোট ৭১০টি কেন্দ্র, ৮০টি মোবাইল কেন্দ্র ও ৫০টি এনজিও পরিচালিত কেন্দ্রের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে। পুরো কর্মসূচি তদারকিতে রয়েছেন ৬২ জন সুপারভাইজার।
বিডি-প্রতিদিন/এমএল