নড়াইলের কালিয়া উপজেলায় ঘুড়ি উড়াতে গিয়ে হুসাইন (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) বিকেলে উপজেলার নোয়াগ্রাম দক্ষিণপাড়া এলাকার একটি বিলে এ ঘটনা ঘটে।
নিহত হুসাইন ওই গ্রামের প্রবাসী সাবু শেখের ছেলে এবং স্থানীয় শাহবাগ ইউনাইটেড একাডেমির সপ্তম শ্রেণির শিক্ষার্থী। ছেলের মৃত্যুর খবর পেয়ে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন তার বাবা।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, শনিবার বিকেলে হুসাইন ও তার কয়েকজন সমবয়সী বন্ধু বাড়ির পাশে ফুটবল খেলছিল। একপর্যায়ে হুসাইন স্থানীয় একটি দোকান থেকে চকলেট ও কেক কিনে পাশের বিলে ঘুড়ি উড়াতে যায়। ঘুড়ির সুতা কেটে গেলে সেটির পেছনে দৌড়াতে থাকে সে।
ফুটবল খেলা শেষে তার তিন বন্ধু শাপলা তুলতে বিলে গেলে নরম কাদামাটির মধ্যে হুসাইনকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে। তারা চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকলে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হুসাইনকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।
কালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) দিবাকর সরকার জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হুসাইনের গলায় ঘুড়ির সুতা পেঁচানো ছিল। তবে শরীরে উল্লেখযোগ্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় নিহতের পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বিডি প্রতিদিন/এনআরএইচ