রংপুরে বহুতল ভবন থেকে পড়ে শিক্ষার্থী নুজশাত জাহানের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত মেডিকেল শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ সাকিনকে একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
রবিবার আত্মহত্যায় প্ররোচনার মামলায় তাকে আদালতে হাজির করা হলে রংপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ড. মুহাম্মদ রাশেদ হোসাইন এই রিমান্ড মঞ্জুর করেন।
বাদি পক্ষের আইনজীবী আবু হায়দার মো. আব্দুল মুবিন বলেন, মামলার উপাদান, মোবাইলের তথ্য প্রমাণ বিশ্লেষণ করে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে উপস্থাপন করে রিমান্ডের আবেদন করেন। আদালত সাকিনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে। গত ১৬ জুন সাকিন রাত সাড়ে ৩টার দিকে নুজশাতের সঙ্গে মোবাইলে ফোনে ৫০ মিনিট ১২ সেকেন্ড কথা বলেন। গত তিন মাসে ১১৮ বার তাদের মোবাইল ফোনে কথা হয় এবং ম্যাসেজ আদান-প্রদান করা হয়। গভীর রাতে এত দীর্ঘক্ষণ কোনো ছাত্রীর সঙ্গে শিক্ষকের কথা হতে পারে না।
বিবাদির আইনজীবী আব্দুল কাইয়ুম মন্ডল বলেন, আমরা সাকিনের জামিন আবেদন করেছিলাম। আদালত আমাদের আবেদন নাকচ করেছে। রিমান্ড শেষে পুনরায় জামিনের আবেদন করা হবে।
উল্লেখ্য, গত ২২ জুন বিকেলে নগরীর একটি হোটেলের ছাদ থেকে পড়ে মারা যান এইচএসসি পরীক্ষার্থী নুজশাত জাহান। এ ঘটনায় পরেরদিন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় আত্মহত্যায় প্ররোচনা মামলা করেন নুজশাতের বাবা নজরুল ইসলাম।
এ ঘটনায় ওই দিনই অভিযুক্ত রংপুর মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্র ও নুজশাতের প্রাইভেট শিক্ষক সাকিনকে গ্রেফতার করে পুলিশ।
বিডি-প্রতিদিন/এমই