পটুয়াখালীর কলাপাড়ায় ভার্মি কম্পোস্টের বাজার সম্প্রসারণ এবং পরিবেশবান্ধব কৃষিতে এর ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রাণিসম্পদ অফিসের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিদ ইসলাম। কেয়ার বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার মো. বায়েজিদ বোস্তামির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাণিসম্পদ বিভাগের ফিল্ড সহকারী মো. আলী আহসান বাপ্পি, সাংবাদিক মিলন কর্মকার রাজু এবং আভাসের প্রকল্প ব্যবস্থাপক মনিরুল ইসলাম।
জাগো নারীর প্রকল্প ব্যবস্থাপক মো. জাফর আলমের সঞ্চালনায় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কেয়ারের টেকনিক্যাল কোঅর্ডিনেটর সাবাহ শবনম।
এতে আভাস, কারিতাস, ফ্রেন্ডশিপ, আইডিই, ওয়ার্ল্ড কনসার্নসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং ‘প্রদৃপ্ত’ প্রকল্পের উদ্যোক্তারা অংশ নেন।
সভায় ভার্মি কম্পোস্টের বাজার সম্প্রসারণ, স্থানীয় পর্যায়ে এর চাহিদা বৃদ্ধি, পরিবেশবান্ধব কৃষিতে এর ভূমিকা এবং উদ্যোক্তাদের সক্ষমতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, ভার্মি কম্পোস্ট মাটির স্বাস্থ্য উন্নয়ন, রাসায়নিক সারের ব্যবহার কমানো এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিদ ইসলাম বলেন, স্থানীয় পর্যায়ে কৃষকদের মধ্যে ভার্মি কম্পোস্টের উপকারিতা সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি উদ্যোক্তাদের ট্রেড লাইসেন্স গ্রহণ, পণ্যের মান নিশ্চিতকরণ, সঠিক প্যাকেজিং, ব্র্যান্ডিং এবং কার্যকর বাজারজাতকরণের ওপর গুরুত্ব দিতে হবে।
বিডি প্রতিদিন/এনআরএইচ