চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সাপের কামড়ে মুহাম্মদ সোহান (২৫) নামের এক যুবক মারা গেছেন। রবিবার (২৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এর আগে শনিবার দিবাগত রাতে সাপের কামড়ে আহত হন তিনি। নিহত সোহান উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চৌধুরী পাড়ার বাসিন্দা।
নিহত যুবকের স্বজনদের বরাতে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল ইরফান জানান, শনিবার দিবাগত মধ্যরাতে নিজের শোয়ার ঘরে একটি গোখরা সাপ সোহানকে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা সাপটিকে মেরে ফেলেন। এরমধ্যে স্থানীয় এক ওঝার কাছে চিকিৎসা নেন সোহান। কিন্তু রাতের মধ্যে শারিরিক অবস্থার অবনতি হয় তার। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। কিন্তু ততক্ষণে সোহান প্রাণ হারান। চিকিৎসকরা তার মৃত্যু নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএম