কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দায়ের হওয়া হত্যা মামলার আসামি ও সাবেক পৌর কমিশনার বাছির উদ্দিনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৮ জুন) ভোরে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানবন্দর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
দুপুরে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার বাছির উদ্দিন দেবিদ্বার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা। তিনি পৌরসভার চাঁপানগর গ্রামের মো. আবুল হোসেন মোল্লার ছেলে।
পুলিশ জানায়, দীর্ঘদিন প্রবাসে অবস্থান করার পর দেশে ফেরার সময় বিমানবন্দর থেকেই তাকে আটক করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত একাধিক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি তিনি।
দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, বাছির উদ্দিন রুবেল হত্যা, সাব্বির হত্যা এবং আবুবকর হত্যা চেষ্টা মামলার আসামি। বিমানবন্দর থানা পুলিশ তাকে গ্রেপ্তারের বিষয়টি আমাদের জানিয়েছে। তাকে দেবিদ্বার থানায় নিয়ে আসার জন্য পুলিশ পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মোট তিনটি মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/এআইএস