হরমুজ প্রণালীতে ইরানের ব্যবস্থাপনার অধীনে জাহাজ চলাচলের ওপর হস্তক্ষেপ করা হলে উত্তেজনা আরও বাড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রবিবার(২৮ জুন) ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেনের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এর আগে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে সকাল ইরাকে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তার বহনকারী ফ্লাইট বাগদাদ বিমানবন্দরে অবতরণের পর তাকে স্বাগত জানান ইরাকের যোগাযোগমন্ত্রী মুস্তফা জাব্বার সানাদ। সফরে আরাগচি কূটনীতিকের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে ইরাকি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।
ইরাকের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার পর সংবাদ সম্মেলনে তেহরানের শীর্ষ এই কূটনৈতিক বলেন, চলতি মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তির আওতায় এবং বাধাগুলো দূর হওয়ার পর হরমুজ প্রণালী ৩০ দিনের মধ্যে ইরানের একক ব্যবস্থাপনায় তার যুদ্ধপূর্ব সক্ষমতায় ফিরে আসবে।
আরাগচি বলেন, এই ব্যবস্থাগুলো বাস্তবায়নের দায়িত্ব সম্পূর্ণভাবে ইসলামি প্রজাতন্ত্র ইরানের। যেকোনো ধরনের হস্তক্ষেপ বা সমান্তরাল কোনো ব্যবস্থা তৈরির প্রচেষ্টা পরিস্থিতিকে কেবল জটিলই করবে। এতে উত্তেজনা বাড়াবে এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে।
গত বৃহস্পতিবার থেকে হরমুজের কাছাকাছি এলাকায় দুটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার জেরে ইরানের উপকূলীয় স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার প্রসঙ্গ টেনে আরাগচি বলেন, গত দুই রাতে হরমুজ প্রণালীতে ঘটে যাওয়া ঘটনা ও সংঘাতই এর প্রমাণ। সংবাদ সম্মেলনে যুদ্ধের সময় ইরানের সমর্থনের জন্য ধন্যবাদ জানান আব্বাস আরাগচি।
সূত্র: আলজাজিরা, রয়টার্স।
বিডি প্রতিদিন/আরকে