মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার দুপুর ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে উপজেলার ভাটেরচর বাসস্ট্যান্ড এলাকায় এ মনিটরিং ও অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ভাই ভাই জেনারেল স্টোরে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশে প্রদর্শন ও সংরক্ষণ করার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক কামরুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া আরিয়ান ট্রেডার্সে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় প্রতিষ্ঠানটির মালিক মোজাম্মেল মোল্লাকে ২ হাজার টাকা এবং দেলোয়ার স্টোরে একই অপরাধে মালিক মোস্তাকিম মোল্লাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় তাকে সহযোগিতা করেন গজারিয়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফারহানা খান এবং গজারিয়া থানা পুলিশের একটি দল।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জানায়, ভোক্তাদের স্বার্থ রক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের বাজার তদারকি ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/টিএ