পাবনার ভাঙ্গুড়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের রক্তের গ্রুপ সনাক্ত করা হয়েছে। রবিবার উপজেলার পুকুরপাড় আইডিয়াল স্কুলের ৪ শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ সনাক্ত করা হয়। ভলেন্টিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ভাব) এর ভাঙ্গুড়া কার্যালয়ের সার্বিক সহযোগিতায় বসুন্ধরা শুভসংঘ এই কার্যক্রম বাস্তবায়ন করে।
শুভসংঘের সদস্যরা জানান, উপজেলার ১৮টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে পুকুরপাড় আইডিয়াল উচ্চ বিদ্যালয় অন্যতম বৃহৎ বিদ্যালয়। বিদ্যালয়টি চলনবিল অধ্যুষিত এলাকায় হওয়ায় অধিকাংশ শিক্ষার্থীর পরিবার দরিদ্র ও অসচেতন। এতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষার মান উন্নয়নে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠান ভলেন্টিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সহযোগিতায় শিক্ষার্থীদের রক্তের গ্রুপ সনাক্ত করার উদ্যোগ নেয় বসুন্ধরা শুভসংঘ। পর্যায়ক্রমে এসব শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় সহযোগিতা করার ও পরিকল্পনা রয়েছে শুভসংঘের।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, প্রত্যেকটা মানুষেরই তার রক্তের গ্রুপ সম্পর্কে নিশ্চিত ধারণা থাকা দরকার। কেননা যেকোনো কারণে শরীরে ইমার্জেন্সি রক্তের প্রয়োজন হলে রক্তের গ্রুপ শনাক্ত থাকলে রক্ত পেতে অনেক সুবিধা পাওয়া যায়। এজন্য এটা অত্যন্ত ভালো একটা উদ্যোগ। এজন্য বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানাই।
ভলেন্টিয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের ভাঙ্গুড়া শাখার ব্যবস্থাপক লিটন আহমেদ বলেন, 'আমরা মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করছি। বসুন্ধরা শুভসংঘ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে এলাকায় অনেক সুনাম অর্জন করেছে। তাই তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই।'
উপজেলা শুভসংঘের সভাপতি আরিফুল ইসলাম বলেন, মূলত এই চিন্তা থেকেই শিক্ষার্থীদের ব্লাড গ্রুপ সনাক্ত করার উদ্যোগ নেয় বসুন্ধরা শুভসংঘের ভাঙ্গুড়া শাখার সদস্যরা। আর এতে সার্বিক সহযোগিতা করে ভলেন্টিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। মানুষের কল্যাণে পাশে থাকায় তাদেরকে ধন্যবাদ।
বিডি-প্রতিদিন/টিএ