চাঁদপুরের কচুয়ায় জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে অসচ্ছল রোগীদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিস চালু হয়েছে। বিতারা ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের অর্থায়নে এবং প্রবাসী মো. কামরুজ্জামান মজুমদারের সহযোগিতায় এই সেবার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৭ জুন) বিকেলে উপজেলার মাঝিগাছা উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়।
বিতারা ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উপদেষ্টা শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও সংগঠনের সহ-সভাপতি তাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেবা কার্যক্রমের উদ্বোধন করেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবী।
তিনি বলেন, প্রবাসী ভাইদের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। দুর্যোগ ও জরুরি মুহূর্তে এই অ্যাম্বুলেন্স সার্ভিস এলাকায় মানুষের চিকিৎসা সেবার প্রাপ্তিতে বড় ভূমিকা রাখবে। এলাকার অসহায় রোগীদের জরুরি প্রয়োজনে এই অ্যাম্বুলেন্স সার্ভিস ২৪ ঘণ্টা সেবা প্রদান করবে।
অনুষ্ঠানে কচুয়া উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন, সম্পাদক মাসুদ এলাহি সুভাস, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) আব্দুল হাই চৌধুরী, ওসি মো. আজিজুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এমই