বাংলাদেশ ডাক বিভাগের উদ্যোগে রাজশাহীতে আঞ্চলিক ডাক জাদুঘরের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে রাজশাহীর ঘোড়ামারা প্রধান ডাকঘর চত্বরে আয়োজিত অনুষ্ঠানে জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনের মাধ্যমে দেশের ডাক বিভাগের দীর্ঘ ইতিহাস, বিরল ডাকটিকিট (স্ট্যাম্প), ঐতিহাসিক খাম, পোস্টাল সরঞ্জাম এবং ডাকসেবার বিবর্তনের নানা গুরুত্বপূর্ণ নিদর্শন জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক অধিদফতরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী উত্তরাঞ্চলের জেনারেল পোস্টমাস্টার মাহবুব এবং বরেন্দ্র ফিলাটেলিক সোসাইটির সভাপতি মোহাম্মদ মোখলেসুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরাঞ্চলের অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল আনোয়ার হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, ফিলাটেলি অনুরাগী, সুধীজন এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ডাক বিভাগের এই উদ্যোগ দেশের ডাক ঐতিহ্য সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে ডাক ব্যবস্থার গৌরবময় ইতিহাস তুলে ধরার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
বিডি-প্রতিদিন/এমএল