মাঠে নামলেই নতুন নতুন রেকর্ডের পাতায় নাম লেখাচ্ছেন লিওনেল মেসি। জর্ডানের বিপক্ষে দ্বিতীয়ার্ধে নেমে চমৎকার এক ফ্রি কিকে গোল করেন তিনি। এতে প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করেছেন লিওনেল মেসি। দেশের হয়ে আবারও বিশ্বকাপ জয়ের জন্য তিনি সর্বোচ্চ উজার করে খেলছেন।
অন্যদিকে দেশের হয়ে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তীব্র সমালোচনার পর উজবেকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছেন এই ফুটবলার।
এমন পরিস্থিতিতে মেসি ও রোনালদোর মধ্যে সর্বকালের সেরা ফুটবলার কে, এমন প্রশ্ন প্রায় সময় আলোচনা-সমালোচনার জন্ম দেয়। বিশ্বকাপে মাঝে পথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এমন প্রশ্নের মুখোমুখি হলেন। তার চোখে মেসি কিংবা রোনালদো নয়, সর্বকালের সেরা ফুটবলার হলের ব্রাজিলের কিংবদন্তি পেলে।
ফিফা বিশ্বকাপের ফাইনালে ট্রাম্পের উপস্থিত থাকার কথা রয়েছে। তিনি বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়ার বিষয়টিও চূড়ান্ত হয়েছে।
সর্বকালের সেরা ফুটবলার নিয়ে বিতর্কে সাধারণত মেসি ও রোনালদোর নামই উঠে আসে, কিন্তু ট্রাম্পের উত্তর ছিল ভিন্ন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, পেলের খেলা সরাসরি দেখার পরই তিনি নিশ্চিত হয়েছিলেন, যে পেলে সর্বকালের সেরা ফুটবলার।
বিশ্বের বৃহত্তম ও জনপ্রিয় লাইভ স্পোর্টস স্ট্রিমিং প্ল্যাটফর্ম(ডিএজেডএন)-এর সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, বহু বছর আগে, যখন আমি তরুণ ছিলাম, তখন পেলে নামের এক ফুটবলারকে খেলতে আনা হয়েছিল। তিনি ‘কসমস’ দলের হয়ে খেলতেন। আমার বন্ধু স্টিভ রস যিনি ওয়ার্নার কমিউনিকেশনসের সাবেক সিইও ছিলেন। তিনিই এর পেছনে মূল ভূমিকা পালন করেছিলেন।
ট্রাম্প আরও বলেন, এই জায়গাটি (মেটলাইফ স্টেডিয়াম) তখন কানায় কানায় পূর্ণ ছিল। এটি ছিল এই স্টেডিয়ামেরই আগের একটি সংস্করণ। তবে ঠিক এই মেডোল্যান্ডস এলাকাতেই খেলাটি হয়েছিল এবং তিনি ছিলেন পেলে। আমি নিজের বয়সের কথা প্রকাশ করতে চাই না, তবে সেটা অনেক আগের ঘটনা।
ট্রাম্প বলেন, আমি তখন তরুণ ছিলাম এবং পেলের খেলা দেখতে এসেছিলাম, তিনি অসাধারণ খেলেছিলেন। আমি বলব, হয়তো আমি একটু সেকেলে বা পুরনো ধাঁচের কথাই বলছি—যেমনটা বেব রুথের ক্ষেত্রে বলা হয়; তবে আমি বলব পেলে সত্যিই অসাধারণ ছিলেন।
বিডি প্রতিদিন/আরকে
বিডি প্রতিদিন/আরকে