পূর্ব ফ্রান্সের টম্বলেইন শহরে স্কাইডাইভার বহনকারী একটি বেসামরিক বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ১১ জন নিহত হয়েছে। রবিবার (২৮ জানুয়ারি) একটি শপিং সেন্টারের কাছে জনবসতিপূর্ণ এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। স্থানীয় কর্মকর্তাদের তথ্যমতে, একটি প্যারাসুট প্রশিক্ষণ স্কুলের ব্যবহৃত বিমানটি ন্যান্সি-এসি বিমানঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। এতে পাঁচজন শিক্ষার্থী, পাঁচজন প্রশিক্ষক ছিলেন।
বিমান বিধ্বস্তের পর পুলিশ জনসাধারণকে মুরথ-এ-মোসেল এলাকার বিমানঘাঁটি সংলগ্ন এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। ফ্রান্সের পরিবহনমন্ত্রী ফিলিপ তাবারো জানিয়েছেন, তিনি এবং স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ দুর্ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন। তিনি এই ঘটনাকে একটি ‘ভয়াবহ ট্র্যাজেডি’ হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে মুরথ-এ-মোসেল অঞ্চলের প্রিফেক্ট (প্রশাসনিক প্রধান) ইভ সেগি জানিয়েছেন, এই ঘটনায় কোনো পথচারী বা সাধারণ মানুষ আহত হননি।
ফরাসি সম্প্রচারমাধ্যম বিএফএম-কে সেগি বলেন, বিমানটি বিমানঘাঁটির সীমানায় একটি আবাসন এলাকার ঠিক পাশেই প্রায় খাড়াভাবে নিচে পড়ে যায়। সৌভাগ্যবশত এতে আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অর্ডার অফ ইন্ডিপেন্ডেন্ট নার্সেস'-এর মার্থ-এ-মোসেল শাখার সভাপতি থিয়েরি পেচি বিএফএম জানিয়েছেন, দুর্ঘটনায় নিহত স্কাইডাইভারদের অর্ধেকই ছিলেন নার্স।
সূত্র: এএফপি, বিবিসি, সিএনএন।
বিডি প্রতিদিন/আরকে