পাবনার আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের হিসাবরক্ষণ অফিস এবং উপজেলা প্রাণিসম্পদ অফিসে একযোগে চুরির খবর পাওয়া গেছে। চোরেরা দুটি অফিসের জানালার গ্রিল কেটে ল্যাপটপ, কম্পিউটার, টেলিভিশন ও সিসি ক্যামেরার কন্ট্রোল বক্সসহ প্রায় আড়াই লাখ টাকার সরকারি মালামাল নিয়ে গেছে।
রবিবার (২৮ জুন) সকালে অফিস খোলার পর সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিষয়টি নজরে আসে। ধারণা করা হচ্ছে, গত শুক্রবার বা শনিবার সাপ্তাহিক ছুটির যেকোনো এক রাতে এই চুরির ঘটনা ঘটেছে।
প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা গেছে, চোর দুটি অফিস থেকে সরকারি গুরুত্বপূর্ণ সরঞ্জাম ও ইলেকট্রনিক্স সামগ্রী নিয়ে গেছে। উপজেলা হিসাবরক্ষণ অফিস আনুমানিক ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে। এছাড়া উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে প্রায় ১ লাখ ২০ হাজার টাকার বিভিন্ন ধরনের মালামাল-সরঞ্জাম নিয়ে গেছে।
উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সুরাইয়া খনম বলেন, ‘সকালে অফিসের নৈশপ্রহরী তালা খোলার পর ভেতরে চুরির বিষয়টি দেখতে পান। পরে আমরা কক্ষে প্রবেশ করে নিশ্চিত হই, বিভিন্ন সরকারি মালামাল ও অফিস সরঞ্জাম চুরি হয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। খোয়া যাওয়া মালামালের চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হোসাইন জানান, তাদের অফিস থেকেও কম্পিউটার ও মনিটরের পাশাপাশি সিসিটিভির কন্ট্রোল বক্সটি নিয়ে গেছে, যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। তারা ইতোমধ্যেই প্রশাসনকে বিষয়টি অবহিত করেছেন।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘আমরা খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বিডি-প্রতিদিন/এমই