মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সীমান্তবর্তী এলাকায় অবৈধ অনুপ্রবেশ, ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর (বিএসএফ) কথিত পুশ-ইন এবং মাদক চোরাচালান প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেলে উপজেলার সীমান্তবর্তী সিন্দুরখান ইউনিয়নের জুলেখানগর চা-বাগানের নাটমন্দিরে এ সভার আয়োজন করা হয়।
সিন্দুরখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান।
সভায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক, বিজিবির জুলেখানগর বিওপির কমান্ডার নায়েব সুবেদার মো. আমজাদ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, জুলেখানগর চা-বাগানের ব্যবস্থাপক মো. শাহজাহান, বাগানের পঞ্চায়েত নেতৃবৃন্দ এবং স্থানীয় বাসিন্দারা।
সভায় সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, কথিত পুশ-ইন এবং মাদক চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সচেতনতা ও অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন এবং মাদক প্রতিরোধে সবাইকে সচেতন করা হয়েছে। একই সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
তিনি বলেন, সকলের সম্মিলিত ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন এবং মাদকের বিস্তার কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব। এজন্য জনসম্পৃক্ততা ও সচেতনতা আরও জোরদার করতে হবে।
বিডি প্রতিদিন/এনআরএইচ