শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের লাইব্রেরি ওরিয়েন্টেশন শুরু হয়েছে। রবিবার শুরু হয়ে আগামী ২ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
রবিবার সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় গ্রন্থাগারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এর কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। সভাপতিত্ব করেন লাইব্রেরি প্রশাসক অধ্যাপক মুহ. মিজানুর রহমান। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত লাইব্রেরিয়ান মোহাম্মদ মতিউর রহমান খাঁন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত লাইব্রেরিয়ান মো. কাওছার আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, 'শিক্ষার্থীদের সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে। জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান, তাই সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। আগামী ৫ বা ১০ বছর পর নিজেদের কোথায় দেখতে চাও, সে বিষয়ে এখন থেকেই একটি সুস্পষ্ট পরিকল্পনা থাকা প্রয়োজন। ডিজিটাল গ্যাজেট অপ্রয়োজনীয় কাজে ব্যবহার না করে পড়াশোনা ও দক্ষতা উন্নয়নে কাজে লাগানোরও আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, 'সফল হতে হলে কঠোর পরিশ্রমের বিকল্প নেই। অভিভাবকদের স্বপ্ন পূরণে শিক্ষার্থীদের নিজেদেরই সর্বোচ্চ চেষ্টা করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতা করবে। যেসব কক্ষে এখনো শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থা নেই, সেগুলোতে দ্রুত এসি স্থাপন করা হবে।'
সভাপতির বক্তব্য লাইব্রেরি প্রশাসক অধ্যাপক মুহাম্মদ মিজানুর রহমান, 'লাইব্রেরী শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের সংগ্রহশালা। একাডেমিক পড়ার পাশাপাশি জ্ঞান অর্জনের জন্য অন্য বই পড়াও প্রয়োজন। শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী সব ধরনের বই এখানে আছে। আশাকরি শিক্ষার্থীরা নিয়মিত লাইব্রেরীতে আসবে এবং যথাযথ জ্ঞান অর্জনে নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলবে।'
জানা যায়, ওরিয়েন্টেশন কর্মসূচিতে নবীন শিক্ষার্থীদের কেন্দ্রীয় গ্রন্থাগারের বিভিন্ন সেবা, ডিজিটাল রিসোর্স, বই ধার নেওয়ার নিয়ম, অনলাইন ক্যাটালগ ব্যবহার, ই-জার্নাল এবং গবেষণা-সহায়তা বিষয়ে ধারণা দেওয়া হবে।
বিডি-প্রতিদিন/এআইডি